বাকলিয়ার সৈয়দশাহ রোডে দুই পক্ষের সংঘর্ষ, গুলি-বিস্ফোরণের শব্দ

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন সৈয়দশাহ রোড এলাকায় মাদক ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও কয়েকটি বিকট শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

রবিবার (২৭ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। সংঘর্ষের সময় সড়কের ওপর দুই পক্ষের লোকজনকে একে অপরকে ধাওয়া করতে দেখা যায়। পরে তারা পরস্পরের দিকে ইটপাটকেল নিক্ষেপ করে।

স্থানীয় বাসিন্দারা জানান, হঠাৎ করে লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে কয়েকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আশপাশের লোকজন নিরাপদ স্থানে সরে যান। এ সময় কয়েকটি বিকট শব্দ শোনা গেলেও অন্ধকারের কারণে ঠিক কী ঘটেছে, তা স্পষ্টভাবে বুঝতে পারেননি স্থানীয়রা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতেও দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের দৃশ্য দেখা গেছে। পাশাপাশি কয়েকটি বিস্ফোরণ বা গুলির মতো শব্দ শোনা যায়।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম জানান, মাদক ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে মুরাদ বাহিনীর মুরাদ ও জসিমের অনুসারীদের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন। তবে তাদের কেউ গুরুতর আহত হননি।

গুলির শব্দের বিষয়ে ওসি বলেন, ‘কোনো গোলাগুলির ঘটনা ঘটেনি। ফটকা ফোটানো হয়েছে। টিনের ঘরে পাথর নিক্ষেপের কারণেও শব্দ হয়েছে।’

ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে বলেও জানান তিনি।

চাটগাঁ নিউজ/এমকেএন

 

Scroll to Top