চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজারের চকরিয়ায় মো. ইশফাতুল ইসলাম জিসান (২৫) নামে এক ছাত্রদল নেতাকে অপহরণের পর হত্যার অভিযোগ উঠেছে। অপহরণের প্রায় চার ঘণ্টা পর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশের পাহাড়ি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একাধিক নারীসহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
নিহত জিসান উপজেলার কাকারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের লোটনী গ্রামের নাজেম উদ্দিনের ছেলে। তিনি কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, রবিবার (২৭ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে কাকারা ইউনিয়নের একটি দোকানের সামনে থেকে সাদা রঙের একটি মাইক্রোবাসে করে জিসানকে তুলে নেওয়া হয়। এরপর তাকে চকরিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সবুজবাগ এলাকার কবির টাওয়ারের একটি ফ্ল্যাটে নেওয়া হয় বলে পরিবারের অভিযোগ।
পরিবারের দাবি, ওই ফ্ল্যাটে জিসানকে হত্যা করার পর একই গাড়িতে করে তার মরদেহ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দিয়ে খুটাখালী ইউনিয়নের মেদাকচ্ছপিয়া জাতীয় উদ্যান এলাকার পাহাড়ি জঙ্গলে নিয়ে ফেলে দেওয়া হয়।
পরে সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোররাত ৩টার দিকে মহাসড়কের পাশে জঙ্গলের ভেতরে একটি মরদেহ পড়ে থাকার খবর পায় পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে চকরিয়া থানা পুলিশ। পরে স্বজনরা মরদেহটি জিসানের বলে শনাক্ত করেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ওসি আরও জানান, পরিবারের অভিযোগের ভিত্তিতে চকরিয়া পৌরসভার কবির টাওয়ারের একটি ফ্ল্যাটে অভিযান চালানো হয়েছে। সেখান থেকে দারোয়ান ও একাধিক নারীসহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
পুলিশের প্রাথমিক ধারণা, পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে হত্যার সুনির্দিষ্ট কারণ এবং কারা এর সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
চাটগাঁ নিউজ/এমকেএন






