চাটগাঁ নিউজ ডেস্ক: কিশোরদের অপরাধপ্রবণতা থেকে দূরে রাখা এবং অপরাধ প্রতিরোধে চট্টগ্রাম জেলার ১৭টি থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়েছে জেলা পুলিশ। এ অভিযানে ৪৪৫ জনকে আটক করা হয়েছে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যার পর থেকে রাত ১০টা পর্যন্ত জেলার বিভিন্ন পাড়া-মহল্লা, বাজার, রেলস্টেশন, মাঠ, পরিত্যক্ত ও নির্জন স্থান এবং কিশোরদের আড্ডার সম্ভাব্য জায়গাগুলোতে একযোগে অভিযান পরিচালনা করা হয়।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে বিষয়টি জানান চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল।
পুলিশ জানায়, অভিযানের সময় আড্ডারত ও সন্দেহজনক কর্মকাণ্ডে জড়িত কিশোরদের শনাক্ত করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই করা হয়। জেলার ১৭টি থানা এলাকা থেকে মোট ৩৫৪ জন কিশোরকে থানায় আনা হয়।
যাচাই-বাছাই শেষে অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ না পাওয়ায় ২৯৩ জনকে অভিভাবকের জিম্মায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। অপরদিকে, অপরাধে জড়িত থাকার প্রাথমিক সত্যতা পাওয়ায় ৬১ জনের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ ছাড়া মাদকসহ অন্যান্য অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও ৯১ জনকে আটক করা হয়। সব মিলিয়ে অভিযানে মোট ৪৪৫ জনকে আটক করা হয়েছে।
অভিযান শেষে অভিভাবকদের থানায় ডেকে সন্তানদের বিষয়ে আরও সতর্ক ও দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেওয়া হয়। সন্তান কখন, কোথায় এবং কার সঙ্গে সময় কাটাচ্ছে, কোথায় যাচ্ছে এবং নির্ধারিত সময়ে বাড়ি ফিরছে কি না—এসব বিষয়ে নিয়মিত খোঁজ রাখার জন্য তাদের পরামর্শ দেওয়া হয়েছে।
পাশাপাশি সন্তানদের পড়াশোনা, চলাফেরা, বন্ধুবান্ধব এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বিষয়ে নজরদারি বাড়ানো এবং মাদক ও অপরাধপ্রবণ পরিবেশ থেকে তাদের দূরে রাখার বিষয়ে অভিভাবকদের সচেতন করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল জানান, কিশোরদের অপরাধে জড়িয়ে পড়া ঠেকাতে এ ধরনের অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
চাটগাঁ নিউজ/এমকেএন






