চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন অক্সিজেন আবাসিক এলাকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কাটার আয়োজন থেকে তিন নারীসহ সাতজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মী বলে দাবি করেছে পুলিশ।
রবিবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে অক্সিজেন আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ারউদ্দিন।
আটক ব্যক্তিরা হলেন—আসিফ মাহমুদ (১৬), সুফিয়া বেগম (৫০), শারমিন আক্তার (৩০), শারমিন বেগম (২৭), মোহাম্মদ সানি (১৭), হাবিবুর রহমান (১৯) ও নুরুল হাকিম রাব্বি (২৫)।
পুলিশ জানায়, আটক ব্যক্তিদের মধ্যে আসিফ মাহমুদ ও সুফিয়া বেগম হাটহাজারীর বড়দীঘির পাড়-খিল্লাপাড়া এলাকার বাসিন্দা। শারমিন আক্তারের বাড়ি ফটিকছড়ির সুন্দরপুরের তালুকদার বাড়ি এলাকায়। শারমিন বেগম নগরের অক্সিজেন-লোহারপোল এলাকায় থাকেন। মোহাম্মদ সানির বাড়ি হাটহাজারীর ফতেহপুরে। হাবিবুর রহমান বায়েজিদের কুঞ্জছায়া আবাসিক এলাকায় বসবাস করেন। আর নুরুল হাকিম রাব্বির বাড়ি রাউজানের নাদিমপুর এলাকায় হলেও বর্তমানে তিনি বায়েজিদের লোহারফুল এলাকায় থাকেন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, নুরুল হাকিম রাব্বি এর আগে নগরের পাঁচলাইশ এলাকায় শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আয়োজিত কেক কাটার অনুষ্ঠানে অংশ নেন। পরে তিনি বায়েজিদ এলাকায় যান। সেখানে একটি বৃদ্ধাশ্রমে খাবার খাওয়ানোর সময় পুলিশ তাকে আটক করে। পরবর্তী সময়ে একই ঘটনার সূত্র ধরে আরও কয়েকজনকে আটক করা হয়।
বর্তমানে আটক সাতজন বায়েজিদ বোস্তামী থানা পুলিশের হেফাজতে রয়েছেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের দাবি, আটক ব্যক্তিদের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন






