কাপ্তাই প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাইয়ে মরহুম শাহজাহান মাস্টার স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এতে চ্যাম্পিয়ন হয়েছে কাপ্তাইয়ের সিজি থান্ডার্স এবং রানার্সআপ হয়েছে ওয়াগ্গা স্পোর্টিং ক্লাব।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে কাপ্তাইয়ের কর্ণফুলী স্টেডিয়াম মাঠে কর্ণফুলী টাইগার স্পোর্টিং ক্লাবের আয়োজনে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলাকে ঘিরে মাঠে বিপুলসংখ্যক দর্শক, ক্রীড়াপ্রেমী, খেলোয়াড় ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তির সমাগম ঘটে।
ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটির সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ান।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট দীপেন দেওয়ান বলেন, তরুণ সমাজকে মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলা শুধু শরীর ও মনকে সুস্থ রাখে না, এটি তরুণদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সম্প্রীতি গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি বলেন, ‘কর্ণফুলী টাইগার স্পোর্টিং ক্লাব দীর্ঘদিন ধরে খেলাধুলার মাধ্যমে তরুণদের সম্পৃক্ত করার যে উদ্যোগ নিয়ে আসছে, তা প্রশংসনীয়। এ ধরনের আয়োজন আরও বেশি হওয়া প্রয়োজন।’
কর্ণফুলী টাইগার স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে একটি নিজস্ব ক্লাব ঘরের দাবি প্রসঙ্গে দীপেন দেওয়ান বলেন, ‘ক্লাবের নিজস্ব জায়গা থাকলে একটি ক্লাব ঘর নির্মাণের বিষয়ে আমার পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করার চেষ্টা থাকবে। তরুণদের খেলাধুলার সুযোগ তৈরি করতে এ ধরনের উদ্যোগকে আমি সাধুবাদ জানাই।’
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল এবং কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক দিলদার হোসেন।
টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক ও কর্ণফুলী টাইগার স্পোর্টিং ক্লাবের সভাপতি জাকির হোসেন সুমনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন মোহাম্মদ ইউসুফ আলী।
ফাইনালে ওয়াগ্গা স্পোর্টিং ক্লাব ও সিজি থান্ডার্স মুখোমুখি হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় শেষ পর্যন্ত সিজি থান্ডার্স বিজয়ী হয়ে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে। রানার্সআপ হয় ওয়াগ্গা স্পোর্টিং ক্লাব।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা বিজয়ী দলের হাতে ২০ হাজার টাকা ও চ্যাম্পিয়ন ট্রফি এবং রানার্সআপ দলের হাতে ১২ হাজার টাকা ও রানার্সআপ ট্রফি তুলে দেন।
টুর্নামেন্টে ব্যক্তিগত ও বিশেষ পুরস্কারের মধ্যে সেরা গোলরক্ষক নির্বাচিত হন নোমান। ম্যান অব দ্য ম্যাচ ও সেরা খেলোয়াড় নির্বাচিত হন রনি। সেরা শৃঙ্খলাবদ্ধ দল হিসেবে পুরস্কার পায় সিকদার একাদশ। সেরা দর্শকের পুরস্কার পান হাসান বৈদ্য ও মো. জামাল উদ্দিন।
ফাইনাল ম্যাচ পরিচালনা করেন রেফারি মো. সাইদ। সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন জমির ও আসিফ।
চাটগাঁ নিউজ/ঝুলন/জেএইচ






