চাটগাঁ নিউজ ডেস্ক : সিনিয়র ভিডিও জার্নালিস্ট ও টিভি ক্যামেরা জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (টিসিজেএ) চট্টগ্রামের সাবেক সাধারণ সম্পাদক শামসুল ইসলাম বাবু বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে নগরীর পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর।
মৃত্যুকালে শামসুল ইসলাম বাবু স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন টেলিভিশন চ্যানেল নিউজ২৪ এর সিনিয়র ভিডিও জার্নালিস্ট হিসেবে দায়িত্ব পালন করেন।
এর আগে তিনি চ্যানেল আই’য়ে কর্মরত ছিলেন। কর্মজীবনে দীর্ঘসময় ধরে ক্যামেরা কাঁধে নিয়ে সংবাদ সংগ্রহে মাঠে ছিলেন তিনি।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) জুমার নামাজের পর নগরীর ব্যাটারি গলি মোড় সংলগ্ন বায়তুল আজিজ জামে মসজিদের মাঠ প্রাঙ্গণে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাজায় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেনসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ অংশ নেন।
জানাজা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান সহকর্মী ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
চাটগাঁ নিউজ/এসএ






