একসঙ্গে চার সন্তানের জন্ম দিলেন রোহিঙ্গা নারী

চাটগাঁ নিউজ ডেস্ক: স্বাভাবিক প্রসবে প্রথম সন্তানের জন্মের দুই দিন পর অস্ত্রোপচারের মাধ্যমে আরও তিন সন্তানের জন্ম দিয়েছেন এক রোহিঙ্গা নারী। কক্সবাজারের উখিয়ায় দুই ছেলে ও দুই মেয়ের জন্মের এ ঘটনায় পরিবারে আনন্দের পাশাপাশি চিকিৎসকদের জন্যও এটি ছিল বড় চ্যালেঞ্জ।

চার সন্তানের মা হয়েছেন উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৬-এর এ-১ ব্লকের বাসিন্দা আজিজুল গফফারের স্ত্রী জেসমিন বিবি (২৬)। উখিয়ার পানবাজার বালুখালীর ফ্রেন্ডশিপ হাসপাতালে সন্তানগুলোর জন্ম হয়।

আজ বুধবার (২৫ নভেম্বর) হাসপাতালটির প্রকল্প ব্যবস্থাপক ডা. এস এম গোলাম সারওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

জেসমিন বিবি তৃতীয়বারের মতো গর্ভবতী হয়েছিলেন। আলট্রাসনোগ্রাম পরীক্ষায় তার গর্ভে চারটি শিশুর উপস্থিতি শনাক্ত হয়। গত ১৩ নভেম্বর রাতে তিনি হাসপাতালে ভর্তি হন।

পরদিন ১৪ নভেম্বর ভোর ৫টার দিকে স্বাভাবিক প্রসবের মাধ্যমে প্রথম সন্তানের জন্ম দেন তিনি। তবে গর্ভে থাকা বাকি তিন শিশুর অবস্থান স্বাভাবিক প্রসবের অনুকূলে না থাকায় জটিলতার আশঙ্কা দেখা দেয়। পরে ১৬ নভেম্বর রাতে সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে বাকি তিন সন্তানের জন্ম হয়।

ডা. গোলাম সারওয়ার জানান, পুরো প্রসবপ্রক্রিয়াটি ছিল অত্যন্ত জটিল ও ঝুঁকিপূর্ণ। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সমন্বিত প্রচেষ্টায় চার নবজাতককে নিরাপদে পৃথিবীতে আনা সম্ভব হয়েছে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top