নদীভাঙন এড়িয়ে লিফট সিস্টেমে চিৎমরম ঘাট নির্মাণের প্রস্তাব

কাপ্তাই প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই উপজেলার ঐতিহ্যবাহী চিৎমরম বৌদ্ধ বিহার ঘাট পরিদর্শন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সাচিং প্রু জেরি।

আজ বুধবার (২৫ নভেম্বর) বিকেলে তিনি ঘাট এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনকালে মন্ত্রী ঘাটের বর্তমান অবস্থা এবং উন্নয়ন ও সংস্কারের প্রয়োজনীয়তা নিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন।

এ সময় তিনি বলেন, সুষ্ঠু পরিকল্পনা ছাড়া উন্নয়নকাজ করা হলে নদীর গতিপথ পরিবর্তন কিংবা স্বাভাবিক পানিপ্রবাহে বিঘ্ন ঘটতে পারে। তাই নদী ও পরিবেশের ভারসাম্য রক্ষা করে ঘাটের উন্নয়ন করতে হবে। ঘাটের উন্নয়ন হলে সাধারণ মানুষের চলাচল আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় হবে।

পরিদর্শনকালে আর্কসেল বিডির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) স্থপতি কামনাশীষ বড়ুয়া ঘাটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে মন্ত্রী ও অতিথিদের অবহিত করেন। তিনি নদীভাঙন ও বিদ্যমান অবকাঠামোর ক্ষতি এড়িয়ে আধুনিক একমুখী লিফট সিস্টেমের মাধ্যমে ঘাট নির্মাণের প্রস্তাব তুলে ধরেন।

কামনাশীষ বড়ুয়া জানান, প্রস্তাবিত আধুনিক ঘাট নির্মিত হলে চিৎমরম বৌদ্ধ বিহারে আগত দর্শনার্থী ও পুণ্যার্থী এবং স্থানীয় বাসিন্দাদের নদী পারাপার আরও সহজ ও নিরাপদ হবে। বিশেষ করে জোয়ার-ভাটার সময় নদী পারাপারে সাধারণ মানুষকে যে ভোগান্তিতে পড়তে হয়, এ ধরনের ঘাট নির্মিত হলে তা অনেকাংশে কমবে।

এ সময় উপস্থিত ছিলেন রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলাম, জেলা পরিষদ সদস্য উথায়োই মং মারমা, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান দিলদার হোসেন, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, সাধারণ সম্পাদক ইয়াসিন মামুন এবং সংসদ সদস্যের প্রতিনিধি মংসুই প্রু মারমা।

এ ছাড়া বিএনপি ও সহযোগী সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা, স্থানীয় হেডম্যান, কারবারি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

স্থানীয়দের প্রত্যাশা, নদীর স্বাভাবিক প্রবাহ ও পরিবেশের ভারসাম্য অক্ষুণ্ন রেখে চিৎমরম ঘাটের উন্নয়ন করা হলে দীর্ঘদিনের যাতায়াত সমস্যা কমবে। পাশাপাশি বৌদ্ধ বিহারে আগত পুণ্যার্থী ও সাধারণ মানুষের চলাচল আরও সহজ হবে।

চাটগাঁ নিউজ/ঝুলন/জেএইচ

Scroll to Top