সাইদ আল নোমানের গাড়িতে কাঠের টুকরো নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা!

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমানের গাড়ি লক্ষ্য করে কাঠের টুকরো ছুড়ে মারার ঘটনা ঘটেছে। যেটি অল্পের জন্য সাঈদ আল নোমানের কপালে লাগেনি।

আজ বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৫টার দিকে চট্টগ্রাম নগরীর হালিশহর বিডিআর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। যে ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়।

তবে খোঁজ নিয়ে জানা গেছে, বিডিআর মাঠে ফুটবল খেলা নিয়ে দুই দলের মধ্যে উত্তেজনা ও বাকবিতণ্ডা শুরু হয়। এর কিছুক্ষণ পর খেলা বন্ধ ঘোষণা করা হয়। পরে সংসদ সদস্য মাঠ থেকে চলে যাওয়ার সময় তার গাড়িতে কাঠের একটি টুকরো এসে লাগে। ঘটনাটিকে পরিকল্পিত হামলার অংশ হতে পারে বলে সন্দেহ করছেন সংসদ সদস্যের গাড়িবহরে থাকা ব্যক্তিরা।

যদিও পুলিশ বলছে, প্রাথমিক তদন্তে মাঠ থেকে এক শিশুর ছোড়া কাঠের একটি টুকরো গাড়িতে লেগেছে।

সংসদ সদস্যের গাড়িবহরে থাকা চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান মিঠু বলেন, বিকেল সাড়ে ৪টার দিকে সংসদ সদস্য সাঈদ আল নোমান বিডিআর মাঠে যান। সেখানে খেলা চলাকালে ফাউল নিয়ে দুই দলের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতির কারণে আয়োজক কমিটি খেলা স্থগিত ঘোষণা করে। পরে কমিটির লোকজনের কাছ থেকে বিদায় নিয়ে সংসদ সদস্য চলে আসার সময় তাঁর গাড়িতে কাঠের একটি টুকরো এসে পড়ে। পনের বছরের একটি ছেলে এটি ছুঁড়ে মারে। অল্পের জন্য সেটি এমপির মাথায় লাগেনি।

আরিফুর রহমান মিঠু আরো বলেন, ঘটনাটিকে আমরা হালকাভাবে নিচ্ছি না। এটি কোনো পরিকল্পনার অংশও হতে পারে। কারণ একদিন আগে মঙ্গলবার দেশ বিরোধী ষযড়যন্ত্রের বিরুদ্ধে এমপি মহোদয় চট্টগ্রামে সবচেয়ে বড় শোডাউন করেছে। সেটার কারণে এটি হতে পারে। তবে ঘটনাটি তদন্তাধীন। পুলিশ তদন্ত করে প্রকৃত ঘটনা বের করবে।

হালিশহর থানার উপপরিদর্শক (এসআই) মো. মঞ্জু বলেন, সংসদ সদস্য বিডিআর মাঠে একটি খেলা দেখতে গিয়েছিলেন। এ সময় ওনার গাড়িতে কাঠের একটি টুকরো এসে লাগে। ঘটনাটি তদন্ত করে একটি শিশু টুকরোটি ছুড়েছে বলে জেনেছি। বিষয়টি আরও তদন্ত করে দেখা হচ্ছে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top