হাটহাজারী প্রতিনিধি: চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকির নেতৃত্বে আওয়ামী লীগের বিরুদ্ধে ‘গুপ্ত হামলা ও নৈরাজ্য সৃষ্টির’ প্রতিবাদে হাটহাজারীতে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা, পৌরসভা ও কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে তকিবুল হাসান চৌধুরী তকির উদ্যোগে আয়োজিত মিছিলটি হাটহাজারী ডাকবাংলো চত্বর থেকে শুরু হয়। পরে মিছিলটি পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে হাটহাজারী বাসস্টেশন চত্বরে গিয়ে শেষ হয়।
মিছিলে ছাত্রদলের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। এ সময় আওয়ামী লীগের বিরুদ্ধে ‘গুপ্ত হামলা ও নৈরাজ্য সৃষ্টির’ অভিযোগ তুলে প্রতিবাদ জানান তারা।
বিক্ষোভ মিছিলকে ঘিরে ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকি বলেন, দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে ছাত্রদল রাজপথে সোচ্চার রয়েছে। আওয়ামী লীগের বিরুদ্ধে ওঠা গুপ্ত হামলা ও নৈরাজ্য সৃষ্টির অভিযোগের প্রতিবাদেই এ বিক্ষোভ মিছিল আয়োজন করা হয়েছে।
তিনি বলেন, জনগণের জানমাল ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় ছাত্রদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক কর্মসূচি পালন করে যাবে।
কর্মসূচিতে হাটহাজারী উপজেলা, পৌরসভা ও কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মিছিল সহকারে অংশ নেন।
চাটগাঁ নিউজ/শোয়াইব/এমকেএন






