রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বন বিভাগের বিশেষ অভিযানে পৃথক স্থানে অভিযান চালিয়ে মোট ৮ একর রিজার্ভ ফরেস্টের জমি জবরদখলের হাত থেকে উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় এসব উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
বন বিভাগ সূত্রে জানা যায়, একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন পাহাড়ি এলাকায় অবৈধভাবে সংরক্ষিত বনভূমি দখলের চেষ্টা চালিয়ে আসছিল। প্রাথমিকভাবে অবৈধ স্থাপনা ও বেড়া নির্মাণ করে বনভূমি দখলের পর তা চড়া মূল্যে বিক্রির পরিকল্পনা ছিল তাদের। তবে বন বিভাগের নিয়মিত নজরদারির কারণে তাদের সেই চেষ্টা সফল হয়নি।
সংবাদ পেয়ে ইছামতী রেঞ্জ কর্মকর্তা মো. তৌহিদুর রহমানের নির্দেশনায় এবং সংশ্লিষ্ট বিট কর্মকর্তাদের নেতৃত্বে বুধবার বিকেলে পৃথক অভিযান পরিচালনা করা হয়।
এর মধ্যে ইছামতী বিট কর্মকর্তা মেহেদী হাসান রনির নেতৃত্বে ইছামতী রেঞ্জের জঙ্গল পারুয়া মৌজা এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ৪ একর সংরক্ষিত বনভূমি দখলমুক্ত করা হয়। এ সময় সেখানে নির্মিত অবৈধ স্থাপনা ও বেড়া গুঁড়িয়ে দেওয়া হয়।
এ ছাড়া বগাবিল বিটের বাইশ্যের ডেবা এলাকা ও দক্ষিণ ঘাগড়া মৌজায় পৃথক অভিযান চালিয়ে আরও ৪ একর বনভূমি দখলমুক্ত করা হয়। বন বিভাগের অভিযানের খবর পেয়ে দখলদারেরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এর আগে গত ৯ সেপ্টেম্বর বিকেলে ইছামতী রেঞ্জের ঠান্ডাছড়ি মৌজা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৫ একর রিজার্ভ ফরেস্টের জমি জবরদখলের হাত থেকে উদ্ধার করা হয়। একই এলাকায় গত ১ সেপ্টেম্বর অভিযান চালিয়ে আরও ১ একর বনভূমি দখলমুক্ত করা হয়েছিল।
সরকারি বনভূমি রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে এবং বনভূমি দখলের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন





