চলন্ত অটোরিক্সায় হঠাৎ আগুন, যাত্রী-চালকের প্রাণে রক্ষা

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের হাটহাজারীতে একটি চলন্ত সিএনজিচালিত অটোরিকশায় হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে যাত্রী ও চালক প্রাণে রক্ষা পেলেও অটোরিকশাটি সম্পূর্ণ পুড়ে গেছে।

আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নাজিরহাট মহাসড়কের চারিয়া বোর্ড স্কুল এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয়রা ও ফায়ার সার্ভিস জানায়, যাত্রীবাহী অটোরিকশাটি হাটহাজারী থেকে যাত্রী নিয়ে নাজিরহাটে যাচ্ছিল। পথে চারিয়া বোর্ড স্কুল এলাকা অতিক্রম করার সময় গাড়ির ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে হঠাৎ ধোঁয়া ও আগুনের সূত্রপাত হয়।

পরিস্থিতি বুঝতে পেরে চালক ও যাত্রীরা দ্রুত গাড়ি থেকে নেমে নিরাপদ দূরত্বে সরে যেতে সক্ষম হন। মুহূর্তেই আগুন পুরো অটোরিকশাটিতে ছড়িয়ে পড়ে এবং গাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়।

এসময় অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে কান্নায় ভেঙে পড়েন অটোরিক্সা চালক মো. আলমগীর।

তিনি বলেন, হাটহাজারী থেকে যাত্রী নিয়ে নির্দিষ্টস্থানে আসার পরপরই গাড়িতে আগুন ধরে যায়। আমি ও যাত্রীরা দ্রুত নেমে প্রাণে বাঁচলেও আমার একমাত্র উপার্জনের সম্বল অটোরিক্সাটি পুড়ে ছাই হয়ে গেছে। এই গাড়ি চালিয়েই আমার পরিবারের ভরণ-পোষণ চলত। এখন কীভাবে জীবিকা নির্বাহ করব, তা নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছি।

এদিকে খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। তারা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। যদিও ততক্ষণে অটোরিক্সাটি সম্পূর্ন পুড়ে যায়।

হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. আবদুল মান্নান জানান, ইঞ্জিন ওভার হিটিংয়ের কারণে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছি আমরা।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top