সুরের আঙিনায় গুরুপ্রণামে মুগ্ধ চট্টগ্রামের দর্শক

ঝুলন দত্ত: গুরুর প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতার আবেগে সুরের মূর্ছনায় মুখর হয়ে উঠেছিল চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তন। প্রখ্যাত সঙ্গীতশিল্পী রাজেশ সাহার শুভ জন্মদিন উপলক্ষে আয়োজিত বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘সুরের আঙিনায় গুরুপ্রণাম’-এ শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনায় মুগ্ধ হয়েছেন হলভর্তি দর্শক।

রোববার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে ১০ টা পর্যন্ত চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয় এ আয়োজন। গুরুর দীর্ঘদিনের সঙ্গীতসাধনা, শিষ্যদের প্রতি তাঁর ভালোবাসা এবং সঙ্গীত ও সংস্কৃতিতে অবদানের প্রতি শ্রদ্ধা জানাতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে রাজেশ সাহার ২০ জন শিক্ষার্থী এককভাবে বিভিন্ন ধারার গান পরিবেশন করেন। তাদের পরিবেশনায় উঠে আসে রাগপ্রধান গান, দেশের গান, রবীন্দ্রসঙ্গীত, নজরুলসঙ্গীত, লোকগান ও আধুনিক গান। পাশাপাশি শিক্ষার্থীদের পরিবেশনায় ছিল সমবেত খেয়াল ও সমবেত গুরুবন্দনা।

শিল্পীদের পরিবেশনায় শুরু থেকেই মিলনায়তনজুড়ে তৈরি হয় মুগ্ধতার আবহ। গানের সঙ্গে দর্শকদের করতালি ও প্রশংসায় মুখর হয়ে ওঠে পুরো মিলনায়তন। অনুষ্ঠানের বিভিন্ন পরিবেশনা শেষে দর্শকদের স্বতঃস্ফূর্ত সাড়া ও প্রশংসা ছিল আয়োজনের অন্যতম আকর্ষণ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞ পণ্ডিত জহর মুখার্জি। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যাপক (গাইনী) ডা. রজত বিশ্বাস এবং বাকারসন্স গ্রুপের চেয়ারম্যান ও সঙ্গীতশিল্পী রিয়াজ ওয়ায়েজ।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, চাঁদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক বিভাগীয় প্রধান ডা. নারায়ণ চন্দ্র দাশ, কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজের ভাইস প্রিন্সিপ্যাল এম জাহাঙ্গীর আলম, তবলা গুরু সুদীপ সেনগুপ্ত।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) প্রধান প্রকৌশলী অচিন্ত কুমার চক্রবর্ত্তী, সঞ্চালনা করেন বিশিষ্ট বাচিকশিল্পী ও বাংলাদেশ বেতারের অনুষ্ঠান ঘোষক প্রবীর পাল।

অনুষ্ঠানে অতিথিরা রাজেশ সাহার সঙ্গীতসাধনা ও শিষ্যদের পরিবেশনার প্রশংসা করেন।

তাঁরা বলেন, গুরুর প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশের এমন আয়োজন সঙ্গীতচর্চার ধারাবাহিকতা রক্ষা এবং নতুন প্রজন্মের শিল্পীদের অনুপ্রেরণা জোগাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

‘সুরের আঙিনায় গুরুপ্রণাম’ উদযাপন পরিষদের আহ্বায়ক ঝুলন দত্ত ও সদস্য সচিব তপু বড়ুয়া স্বাগত বক্তব্যে বলেন , গুরুর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসাকে সুরের মাধ্যমে প্রকাশ করাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য। শিষ্যদের পরিবেশনা ও দর্শকদের আন্তরিক অংশগ্রহণে অনুষ্ঠানটি সার্থক হয়েছে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top