চাটগাঁ নিউজ ডেস্ক : ফটিকছড়ি থানার একটি অস্ত্র আইনের মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের সহযোগী ধামা ইলিয়াছসহ ৪ জনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার (২ আগস্ট) চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোতাসিম বিল্লাহ আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড মঞ্জুর হওয়া ৪ জন হলেন- রাউজান উপজেলার কদলপুর এলাকার মৃত নুরুল আমিনের ছেলে মো. মিঠু প্রকাশ ধামা ইলিয়াছ (৪৯), কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার মৈয়শাতুয়া এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে মো. শামীম (২৮), ঢাকার শ্যামপুর থানার করিমুল্লাবাগ পোস্তগোলা এলাকার মো. জাফরের ছেলে আল ইসলাম আলিফ প্রকাশ তমাল (২৫) এবং নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার সাহারপাড় এলাকার মো. বেলায়েত হোসেনের ছেলে মো. সাফায়েত হোসেন (২৪)।
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো.তারেক আজিজ বলেন, ফটিকছড়ি থানার অস্ত্র মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনের সহযোগী ধামা ইলিয়াছসহ ৪ জনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
গত ২৯ জুলাই যশোরের কোতোয়ালী থানার ঝুমঝুমপুর এলাকা থেকে ডেভিড ইমনসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। এরআগে মো. মিঠু প্রকাশ ধামা ইলিয়াছকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছিল।
চট্টগ্রাম জেলা পুলিশের দাবি, গত ১৩ জুন পাহাড়তলী এলাকায় সংঘটিত মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলার তদন্তে প্রাপ্ত তথ্য ও ধারাবাহিক গোয়েন্দা অভিযানের ভিত্তিতে ডেভিড ইমনের অবস্থান শনাক্ত করা হয়।
পরে গ্রেপ্তার আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ( ৩০ জুলাই) ভোরে ফটিকছড়ির কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর এলাকার একটি পরিত্যক্ত বসতবাড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি দেশীয় এলজি ও অন্যান্য দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
চাটগাঁ নিউজ/এসএ





