চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজারের টেকনাফ-কক্সবাজার সড়কের টেকনাফ স্থলবন্দর সংলগ্ন ১৪ নম্বর ব্রিজ এলাকায় বাস থামিয়ে বিকাশকর্মীর ৬০ লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে ডাকাতদল। এ সময় ডাকাতের গুলিতে বিকাশের এক সেলস রিপ্রেজেন্টেটিভ (এসআর) গুলিবিদ্ধ হন বলে জানা গেছে।
আজ রোববার (২ আগস্ট) দুপুরের টেকনাফ স্থলবন্দরসংলগ্ন ১৪ নম্বর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
বিকাশ এজেন্ট আবদুর করিম জানান, বিকাশের তিন সেলসম্যান ‘পালকী’ পরিবহনের একটি বাসে করে টেকনাফ বাসস্টেশন থেকে হ্নীলা ও হোয়াইক্যাং এলাকার বিভিন্ন বিকাশ এজেন্টের কাছে টাকা পৌঁছে দিতে যাচ্ছিলেন। পথে ১৪ নম্বর ব্রিজের কাছে একদল সশস্ত্র ডাকাত সড়কে গাছ ফেলে ব্যারিকেড সৃষ্টি করে বাসটির গতিরোধ করে।
এরপর ডাকাতরা বাসে থাকা বিকাশের সেলসম্যান আল আরমানকে গুলি করে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা গুলিবিদ্ধ আল আরমানকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। বর্তমানে তিনি পুলিশের হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
ঘটনার খবর পেয়ে পুলিশ, বিজিবি ও কোস্ট গার্ডের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করেন। একই সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বাসটি জব্দ করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি লুট হওয়া টাকা উদ্ধারের চেষ্টা চলছে।
চাটগাঁ নিউজ/জেএইচ





