বিনোদন ডেস্ক: প্রযোজক হিসেবে যাত্রা শুরু করলেও পরে পরিচালনায়ও নাম লেখান মোহাম্মদ ইকবাল। এর আগে তিনি ‘কিল হিম’, ‘ডেড বডি’ ও ‘রিভেঞ্জ’ সিনেমা নির্মাণ করেছেন। বিভিন্ন কারণে সিনেমাগুলো আলোচনায় এলেও বাণিজ্যিকভাবে উল্লেখযোগ্য সাফল্য পায়নি। এবার তিনি নির্মাণ করছেন নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’।
কয়েক দিন আগে জানা যায়, সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করবেন ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। এবার জানা গেল, সিনেমাটির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন দেশের অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এতে তাকে একজন আইনজীবীর ভূমিকায় দেখা যাবে।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাঁধন। তিনি জানান, পরিচালক-প্রযোজক মোহাম্মদ ইকবালের সঙ্গে তার প্রাথমিক আলোচনা হয়েছে। সিনেমার গল্প ও সার্বিক আয়োজন তার ভালো লেগেছে। আগামী সপ্তাহে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হওয়ার কথা রয়েছে।
বাঁধনের ভাষ্য, সিনেমাটিতে অভিনয়ের প্রস্তাবটি তাকে অত্যন্ত সম্মানজনকভাবে দেওয়া হয়েছে, যা তার কাছে ইতিবাচক লেগেছে। পাশাপাশি সিনেমার অন্যান্য অভিনয়শিল্পী ও পরিকল্পনাও তার কাছে আশাব্যঞ্জক মনে হয়েছে। সব দিক বিবেচনা করেই তিনি কাজটি করার সিদ্ধান্ত নিয়েছেন।
এর আগে বাঁধন অভিনয় করেছেন আবদুল্লাহ মোহাম্মদ সাদের প্রশংসিত চলচ্চিত্র ‘রেহানা মরিয়ম নূর’ এবং সানী সানোয়ার পরিচালিত ‘এশা মার্ডার’-এ। সম্প্রতি তার অভিনীত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ বিখ্যাত ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্থান পেয়েছে।
এমন ক্যারিয়ারের মধ্যেও ‘গুলশানের চামেলি’তে অভিনয়ের বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন বাঁধন। তার মতে, সবসময় ‘রেহানা মরিয়ম নূর’ বা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর মতো গল্প পাওয়া সম্ভব নয়। একজন অভিনেত্রী হিসেবে তিনি বিভিন্ন ধরনের গল্প ও চরিত্রে কাজ করতে চান এবং নিজেকে আরও সমৃদ্ধ করতে চান। সেই ভাবনা থেকেই সিনেমাটিতে অভিনয়ের সিদ্ধান্ত নিয়েছেন।
জানা গেছে, রাজনীতি, ক্ষমতার অপব্যবহার এবং অভিজাত সমাজের আড়ালে লুকিয়ে থাকা অন্ধকার বাস্তবতাকে কেন্দ্র করেই নির্মিত হচ্ছে ‘গুলশানের চামেলি’। এতে মধুমিতা সরকার ও আজমেরী হক বাঁধনের পাশাপাশি অভিনয় করবেন আমিন খান, রোজিনা ও আশীষ খন্দকার। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের ডিসেম্বর মাসে সিনেমাটির শুটিং শুরু হবে।
চাটগাঁ নিউজ/এমকেএন





