বোয়ালখালীতে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বোয়ালখালী প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরা এলাকা থেকে অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৭ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার শাকপুরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম শাকপুরা গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত অমিত সেনগুপ্ত পশ্চিম শাকপুরা এলাকার অনিল সেন বাড়ির জয়দেব সেনগুপ্তের ছেলে। তিনি একটি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সকালে পরিবারের সদস্যরা অমিতকে বসতঘরের নিজ কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ বিষয়টি তদন্ত করছে।

চাটগাঁ নিউজ/ইয়াসিন/এমকেএন

Scroll to Top