অর্থনৈতিক অঞ্চল বদলে দেবে দক্ষিণ চট্টগ্রামের অর্থনীতি: আমীর খসরু

আনোয়ারা প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারায় গড়ে ওঠা চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (সিইআইজেড) শুধু আনোয়ারা নয়, পুরো দক্ষিণ চট্টগ্রামের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে এবং শিল্পায়নের নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, এ প্রকল্পে পর্যায়ক্রমে এক বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি বিনিয়োগ হবে এবং এক লাখের বেশি মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে।

সোমবার (২৭ জুলাই) দুপুরে আনোয়ারার বেলচূড়া এলাকায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চলের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আজকের এই বিনিয়োগ ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলার যে লক্ষ্য মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, তা বাস্তবায়নের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই উদ্যোগ আমাদের সেই যাত্রাকে আরও এক ধাপ এগিয়ে নিল।

তিনি আরও বলেন, আমরা এক কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নির্ধারণ করেছি। এই অর্থনৈতিক অঞ্চলে এক লাখেরও বেশি মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। বর্তমানে ৫০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের কথা বলা হলেও অবকাঠামোসহ সব ধরনের বিনিয়োগ মিলিয়ে শেষ পর্যন্ত এ প্রকল্পে এক বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি বিনিয়োগ হবে।

আমীর খসরু বলেন, এই অর্থনৈতিক অঞ্চলের সুফল শুধু আনোয়ারার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না; বরং পুরো দক্ষিণ চট্টগ্রামের অর্থনীতিতে এর ইতিবাচক প্রভাব পড়বে। এখানে বিভিন্ন ধরনের শিল্প ও সেবাখাত গড়ে উঠবে, শক্তিশালী সরবরাহ ব্যবস্থা (সাপ্লাই চেইন) তৈরি হবে। পাশাপাশি কর্মীদের জন্য আবাসনের ব্যবস্থাও রাখা হচ্ছে, যা একটি ইতিবাচক উদ্যোগ।

তিনি বলেন, এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে শুধু শিল্পকারখানাই নয়, আবাসন, পরিবহন, লজিস্টিকস, সেবাখাত এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্যও নতুন সুযোগ সৃষ্টি হবে। ফলে দক্ষিণ চট্টগ্রামের সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, ভূমি ও পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, চায়না রোড অ্যান্ড ব্রিজ করপোরেশনের (সিআরবিসি) প্রেসিডেন্ট, চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম, চট্টগ্রামের বিভিন্ন সংসদ সদস্য, বেজার ঊর্ধ্বতন কর্মকর্তা, সরকারি কর্মকর্তাবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং দেশি-বিদেশি বিনিয়োগকারীরা উপস্থিত ছিলেন।

চাটগাঁ নিউজ/সাজ্জাদ/এমকেএন

Scroll to Top