বাঙ্গালহালিয়া (রাঙ্গামাটি) প্রতিনিধি: পেশাদার শিল্পীদের সংগঠন চট্টগ্রাম যন্ত্রশিল্পী সংস্থার আয়োজিত ‘ভয়েস হান্ট সিজন-৩’ প্রতিযোগিতার বাছাইপর্বে কৃতিত্ব দেখিয়েছেন রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়ার দুই প্রতিযোগী। তারা ইয়েস কার্ড অর্জন করে প্রতিযোগিতার পরবর্তী রাউন্ডে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন।
রবিবার (২৬ জুলাই) সকালে চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে শতাধিক প্রতিযোগী অংশ নেন। তাদের মধ্য থেকে রাজস্থলী উপজেলার ৩ নম্বর বাঙ্গালহালিয়া ইউনিয়নের শান্তা দাশ ও অনুরূপা দত্ত সুপ্রিয়া বিচারকদের কাছ থেকে ইয়েস কার্ড অর্জন করে পরবর্তী ধাপে উত্তীর্ণ হন।
প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন দেশের স্বনামধন্য সংগীত পরিচালক, কণ্ঠশিল্পী ও যন্ত্রশিল্পীরা। কঠোর প্রতিযোগিতার মধ্য দিয়ে নির্বাচিত হওয়ায় দুই শিল্পীর এ অর্জন স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনে আনন্দের সঞ্চার করেছে।
দুই শিল্পীর এই সাফল্যে অভিনন্দন জানিয়েছেন তাদের সংগীতগুরু ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ঝুলন দত্ত। তিনি আশা প্রকাশ করেন, পরবর্তী ধাপগুলোতেও তারা নিজেদের মেধা ও কণ্ঠের নৈপুণ্য দিয়ে সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখবেন।
ইয়েস কার্ড অর্জনের অনুভূতি প্রকাশ করে শান্তা দাশ ও অনুরূপা দত্ত সুপ্রিয়া বলেন, এই অর্জন তাদের জন্য নতুন অনুপ্রেরণা। তারা প্রতিযোগিতার পরবর্তী ধাপগুলোতে সর্বোচ্চ চেষ্টা করে চূড়ান্ত সাফল্য অর্জনের প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি নিজ এলাকা ও দেশের মানুষের দোয়া এবং শুভকামনা কামনা করেন, যাতে তারা কণ্ঠের মাধ্যমে বাঙ্গালহালিয়া ও রাঙ্গামাটির নাম আরও উজ্জ্বল করতে পারেন।
চাটগাঁ নিউজ/মিন্টু/এমকেএন






