সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩৫

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ৩০ জন।

দেশটির পূর্বাঞ্চল থেকে রাজধানী দামেস্কে যাওয়ার গুরুত্বপূর্ণ মহাসড়কে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে হতাহতের এই ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স ও হেলিকপ্টার পাঠিয়ে উদ্ধার ও আহতদের হাসপাতালে নেয়ার ব্যবস্থা করে কর্তৃপক্ষ।

সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, শনিবার (২৫ জুলাই) দেশটির দেইর আজ জোর-দামেস্ক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ৪০০ কিলোমিটারের বেশি দীর্ঘ এই গুরুত্বপূর্ণ সড়কটি পূর্বাঞ্চলীয় সিরিয়ার সঙ্গে রাজধানী দামেস্কের সংযোগ স্থাপন করেছে। এই মহাসড়কেরই আল-সুখনাহ ও পালমিরার মধ্যবর্তী এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনায় পড়া বাস দুটির একটিতে অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর সদস্যরা ছিলেন। অন্য বাসটিতে সাধারণ যাত্রীরা ছিলেন। মন্ত্রণালয় জানায়, দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স পাঠানো হয়।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা সানা (সিরিয়ান আরব নিউজ এজেন্সি) জানিয়েছে, আহতদের দ্রুত হোমস সামরিক হাসপাতালে নেয়ার জন্য ঘটনাস্থলে কয়েকটি হেলিকপ্টারও পাঠানো হয়।

দেইর আজ জোর-দামেস্ক মহাসড়কটি দুর্বল নিরাপত্তা ব্যবস্থার জন্য পরিচিত। প্রায় ১৪ বছর ধরে চলা গৃহযুদ্ধের কারণে সিরিয়ার বেসামরিক অবকাঠামোর যে ভয়াবহ অবনতি হয়েছে, এই সড়ক তারই একটি উদাহরণ।

এর আগে গত বছরের অক্টোবর দুর্যোগ ব্যবস্থাপনা ও জরুরি প্রতিক্রিয়া বিষয়ক মন্ত্রী রায়েদ আল-সালেহ জানান, জানুয়ারি থেকে সেপ্টেম্বরের শেষ পর্যন্ত সিরিয়ায় দুই হাজারের বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে। তিনি বলেন, দেশটিতে মৃত্যুর অন্যতম প্রধান কারণ হয়ে উঠেছে এসব সড়ক দুর্ঘটনা।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top