রাঙ্গুনিয়ায় সাবেক ইউপি সদস্যের মৃত্যু ঘিরে রহস্য

রাঙ্গুনিয়া প্রতিনিধি : রাঙ্গুনিয়া উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের বাগ্‌বিতণ্ডার জেরে মারধরে আবদুল মালেক (৫৫) নামের এক সাবেক ইউপি সদস্যের মৃত্যুর অভিযোগ ওঠেছে। তবে অভিযুক্তদের দাবি, হার্ট অ্যাটাকে তিনি মারা গেছেন। এই নিয়ে এলাকায় রহস্যের সৃষ্টি হয়েছে।

শনিবার (২৫ জুলাই) সকাল পৌনে ১০টার দিকে সরফভাটার ক্ষেত্রবাজারে এ ঘটনা ঘটে। সে একই ইউনিয়নের বুলেন্নের বাপের বাড়ির বাসিন্দা এবং সাবেক ইউপি সদস্য।

জানা যায়, এদিন সকালে সাবেক ইউপি সদস্য আবদুল মালেক ক্ষেত্রবাজারে এলে তার সাথে তার প্রতিবেশী কয়েকজন ব্যক্তির একটি মামলা সংক্রান্ত বিষয়ে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় আবদুল মালেক মাটিতে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় চিকিৎসকের কাছে ও পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই মৃত্যুকে ঘিরে এলাকায় রহস্যের সৃষ্টি হয়েছে।

স্বজনদের দাবি, তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। যা সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করলে জানা যাবে। তবে অভিযুক্তদের বরাতে স্থানীয় ইউপি সদস্য শহিদুল্লাহ জানান, এরকম কোনো ঘটনা ঘটেনি। হার্ট অ্যাটাকে পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. পলাশ চন্দ্র বণিক জানান, তাঁর শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে হার্ট অ্যাটাকে মৃত্যু হতে পারে। তারপরও বিষয়টি ময়নাতদন্তের রিপোর্ট পেলে নিশ্চিত হওয়া যাবে।

এ বিষয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি হিলাল উদ্দিন আহমেদ বলেন, মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহের ময়নাতদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে। তবে এ ঘটনায় তদন্ত চলছে।

চাটগাঁ নিউজ/জগলুল/এসএ

Scroll to Top