থানচি-তিন্দুমুখ নৌপথ ৩০ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা

চাটগাঁ নিউজ ডেস্ক: প্রতিকূল আবহাওয়া ও নিরাপত্তাজনিত ঝুঁকির কারণে বান্দরবানের থানচি সদর থেকে তিন্দুমুখ পর্যন্ত নৌপথে চলাচল আগামী ৩০ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।

শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে স্বাক্ষর করেন বান্দরবান জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক এস এম হাসান।

গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাম্প্রতিক বৈরী আবহাওয়া এবং সাঙ্গু নদীতে প্রবল স্রোতের কারণে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এই নৌপথে সব ধরনের চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা বহাল থাকবে।

জেলা প্রশাসন সকল পর্যটক, স্থানীয় বাসিন্দা, নৌযান চালকসহ সংশ্লিষ্টদের সতর্ক থাকার এবং প্রশাসনের নির্দেশনা মেনে চলার জন্য আহ্বান জানিয়েছে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top