ক্রীড়া ডেস্ক: সদ্য সমাপ্ত বিশ্বকাপের হতাশা পেছনে ফেলে নতুনভাবে যাত্রা শুরু করতে চায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। সেই নতুন অভিযানের অংশ হিসেবে প্রতিবেশী দেশ ভারতের কলকাতায় একটি প্রীতি ম্যাচ খেলতে পারে সেলেসাওরা।
ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএন ব্রাজিল জানিয়েছে, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে পশ্চিমবঙ্গের ফুটবলপ্রেমী শহর কলকাতায় ব্রাজিলের একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হতে পারে।
প্রতিবেদন অনুযায়ী, ম্যাচটি আয়োজনের লক্ষ্যে ভারতীয় আয়োজকদের সঙ্গে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) আলোচনা চলছে। বিশ্বকাপ চলাকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্রাজিলকে ঘিরে ভারতীয় সমর্থকদের ব্যাপক উন্মাদনা ও সমর্থন সিবিএফের নজর কাড়ে। মূলত সেই বিপুল জনপ্রিয়তার কারণেই ভারতে ম্যাচ আয়োজনের বিষয়ে আগ্রহী হয়েছে ব্রাজিল।
জানা গেছে, টুর্নামেন্ট চলাকালেই এ বিষয়ে দুই পক্ষের মধ্যে প্রাথমিক আলোচনা শুরু হয়েছিল।
ইএসপিএন ব্রাজিলের তথ্য অনুযায়ী, আগামী সেপ্টেম্বর ও অক্টোবরের ফিফা উইন্ডোতে তিনটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। এর মধ্যে দুটি ম্যাচের সূচি ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে। আগামী ২৫ সেপ্টেম্বর টাউনসভিলে এবং ২৯ সেপ্টেম্বর ব্রিসবেনে স্বাগতিক অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে তারা।
তৃতীয় ম্যাচটির সম্ভাব্য ভেন্যু হিসেবে ভারতের নাম আলোচনায় রয়েছে। এ দৌড়ে বাংলাদেশ, সিঙ্গাপুর ও কাতারের নামও থাকলেও শেষ পর্যন্ত ভারতের সঙ্গেই আলোচনা সবচেয়ে বেশি এগিয়েছে বলে জানিয়েছে ইএসপিএন ব্রাজিল। তবে এই ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ এখনো নির্ধারণ হয়নি।
শেষ পর্যন্ত কলকাতায় ম্যাচটি অনুষ্ঠিত হলে শহরটির ফুটবল ইতিহাসে যুক্ত হবে নতুন এক গৌরবময় অধ্যায়। এর আগে ১৯৭৭ সালে নিউইয়র্ক কসমসের হয়ে মোহনবাগানের বিপক্ষে ইডেন গার্ডেন্সে খেলেছিলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার এবং তিনবারের বিশ্বকাপজয়ী পেলে।
২০২৬ বিশ্বকাপ ব্রাজিলের জন্য ছিল হতাশার। অভিজ্ঞ ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তির অধীনে ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা জয়ের স্বপ্ন দেখেছিল দলটি। টুর্নামেন্টজুড়ে ভিনিসিয়ুস জুনিয়র দুর্দান্ত পারফরম্যান্স করে চারটি গোল করার পাশাপাশি একটি অ্যাসিস্টও করেন। তবে তার নৈপুণ্যও দলকে ব্যর্থতার হাত থেকে রক্ষা করতে পারেনি।
শেষ ষোলোতে নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় ব্রাজিল। ১৯৯০ সালের পর বিশ্বকাপে এটি তাদের সবচেয়ে দ্রুত বিদায়। সেই হতাশা কাটিয়ে এবার প্রীতি ম্যাচগুলোর মাধ্যমে নতুন করে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই মাঠে নামতে প্রস্তুতি নিচ্ছে সেলেসাওরা।
চাটগাঁ নিউজ/এমকেএন






