পটিয়ায় পাহাড়ে ডিবির অভিযান, অস্ত্রসহ গ্রেপ্তার ২

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের পটিয়া উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে দুই অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্র, ১২টি দেশীয় অস্ত্র এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৫ জুলাই) সকালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চট্টগ্রাম জেলা পুলিশের পুলিশ সুপার মো. মাসুদ আলম।

গ্রেপ্তার হওয়া দুজন হলেন পটিয়া উপজেলার কেলিশহর ইউনিয়নের ইন্নারপাড়া এলাকার বাসিন্দা মো. দেলোয়ার হোসেন (৫৪) ও মো. মহসিন (৩৩)।

পুলিশ সুপার জানান, শুক্রবার জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কেলিশহর ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। দুর্গম পথ, প্রতিকূল পরিবেশ এবং সম্ভাব্য সশস্ত্র প্রতিরোধের ঝুঁকি থাকা সত্ত্বেও অভিযান সফলভাবে পরিচালনা করে দুই অস্ত্রধারীকে আটক করা হয়।

পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ইন্নারপাড়ায় দেলোয়ার হোসেনের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ছয়টি কিরিচ, পাঁচটি দা, একটি ধামা দা, একটি লোহার করাত এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। একই দিন বিকেলে ছাতিভাঙ্গা এলাকার আফছারের গাছবাগানে অভিযান চালিয়ে মাটির নিচে লুকিয়ে রাখা দুটি একনলা বন্দুক ও দুটি দেশীয় এলজি উদ্ধার করে পুলিশ।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রগুলো সন্ত্রাসী ও অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে মজুত করা হয়েছিল।

পুলিশ সুপার আরও বলেন, চট্টগ্রামে সন্ত্রাস, অপরাধ ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে জেলা পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে ধারাবাহিকভাবে বিশেষ অভিযান পরিচালনা করছে। এ ঘটনায় জড়িত অন্য সহযোগীদের শনাক্ত, অস্ত্রের উৎস উদ্ঘাটন এবং সম্ভাব্য সন্ত্রাসী চক্রকে আইনের আওতায় আনতে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top