ঈদগাঁওয়ে গণটয়লেটে নবজাতক ফেলে যাওয়া সেই মা কারাগারে!

ঈদগাঁও প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁওয়ে গণটয়লেটে ফেলে যাওয়া সেই নবজাতকের মাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। একইসঙ্গে সহযোগী হিসেবে নবজাতকের নানী ও নানীর বোনকে নবজাতক হত্যাচেষ্টা মামলায় কারাগারে পাঠানো হয়।

এর আগে আজ বুধবার (১১ নভেম্বর) বিকালে থানা পুলিশ প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে হাসপাতালে চিকিৎসারত ২ নং আসামী নবজাতকের মা তাসফিয়া জান্নাত তামান্নাসহ ঘটনার সহযোগী তার মা রোজিনা আক্তার ও তার খালা মর্জিনাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করে। আদালত শুনানি শেষে নবজাতককে হত্যা চেষ্টায় জড়িত মা তাসফিয়া জান্নাত তামান্নাসহ তিনজনকেই কারাগারে প্রেরণের আদেশ দেন।

অপরদিকে উদ্ধারকৃত নবজাতককে কক্সবাজার সদর হাসপাতালে নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে।

এ মামলার আইনজীবী এডভোকেট মোবারক সাঈদ আদালতের বিষয়টি নিশ্চিত করে বলেন, কারাগারে পাঠানো নবজাতকের মায়ের চিকিৎসার প্রয়োজন হলে কারা কতৃপক্ষের ব্যবস্থাপনায় হাসপাতালে নবজাতকের পাশে রেখে মাকে চিকিৎসা দেয়ার বিষয়টি বিবেচনার জন্য আদালতের নিকট আর্জি জানান।

এর আগে বুধবার সকালে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে স্থানীয় যুবক মোর্শেদ কামাল বাদী হয়ে জঘন্য পাশবিক এ ঘটনায় জড়িত অনৈতিক কর্মের মূল হোতা প্রধান আসামি আবুল কালাম ও নবজাতকের পাষন্ড মাসহ ৪ জনের বিরুদ্ধে ঈদগাঁও থানায় মামলা দায়ের করেন।

মামলার প্রধান আসামি হল নবজাতকের মায়ের দাবিকৃত কথিত প্রেমিক পাশ্ববর্তী চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের জালাল আহমদের ছেলে টমটম চালক আবুল কালাম।

এদিকে প্রধান আসামি আবুল কালাম দাবি করেন, তারা আগেই গোপনে বিয়ে করেছে। যদিওবা তার পূর্বে থেকে আরেক স্ত্রী রয়েছে। তবে তার স্ত্রী গর্ভবতী হওয়া, টয়লেটের ভেতরে গর্ভপাত করে কমোডের ভেতর নবজাতককে মা কতৃক হত্যা চেষ্টা করে পালিয়ে যাওয়া এবং ঘটনার পর থেকে স্ত্রী-সন্তানের খোঁজ খবর না নেয়ার বিষয়ে জানতে চাইলে অসঙ্গতিপূর্ণ কথা বার্তা বলেন।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম সিফাতুল মাজদার জানান, এ জঘন্য ঘটনা কোন ভাবেই ছাড় দেয়ার প্রশ্ন উঠেনা। তাদের আইনের আওতায় আনা হয়েছে। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী তারা কারাগারে আছেন।

চাটগাঁ নিউজ/সেলিম/জেএইচ

Scroll to Top