এক দিনে জঙ্গল সলিমপুরের ৬৪ দলিল রেজিস্ট্রি, সাময়িক বরখাস্ত সাবরেজিস্ট্রার

চাটগাঁ নিউজ ডেস্ক : সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে ইয়াসিন বাহিনীর প্রধান মো. ইয়াসিনের ৬৪টি জমির বিক্রয় দলিল এক দিনেই নিবন্ধন (রেজিস্ট্রি) করে দেওয়ার ঘটনায় সাবরেজিস্ট্রার রায়হান হাবিবকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লার সই করা আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেলার ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রেজাউল করিম বকসী। তিনি বুধবার (১১ নভেম্বর) বলেন, রায়হান হাবিবকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আইন ও বিচার বিভাগের আদেশে বলা হয়েছে, সীতাকুণ্ডের সাবেক সাবরেজিস্ট্রার এবং বর্তমানে টাঙ্গাইলের ভূঞাপুরে কর্মরত রায়হান হাবিবের বিরুদ্ধে অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে বিভাগীয় মামলা করা হয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত ও নিষ্পত্তির স্বার্থে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বরখাস্তকালীন তাঁকে আইন মন্ত্রণালয়ের নিবন্ধন অধিদপ্তরে সংযুক্ত রাখা হবে। বিধি অনুযায়ী তিনি ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

জানা গেছে, চলতি বছরের ১৭ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত জঙ্গল সলিমপুরের মোট ৬৪টি দলিলের মাধ্যমে জমি বিক্রি ও নিবন্ধন করা হয়। এর মধ্যে ১৭ সেপ্টেম্বর এক দিনেই ইয়াসিনের ৬৪টি জমির বিক্রয় দলিল নিবন্ধন করেন তৎকালীন সাবরেজিস্ট্রার রায়হান হাবিব।

বিষয়টি গত ২৮ অক্টোবর জানাজানি হলে সাবরেজিস্ট্রার রায়হান হাবিবের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ে মৌখিক অভিযোগ করেন চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, জঙ্গল সলিমপুরে ২৭৮ দশমিক ৭৫ শতাংশ জমি বিক্রি করেছেন র‌্যাবের (বর্তমানে এসআরবি) এক কর্মকর্তা হত্যা মামলার আসামি ও আলীনগরে ইয়াসিন বাহিনীর প্রধান মো. ইয়াসিন। সলিমপুর মৌজার বিভিন্ন দাগের এসব জমি আলীনগরের বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রি করা হয়।

প্রায় ৩ হাজার ১০০ একর খাসজমি নিয়ে গড়ে ওঠা জঙ্গল সলিমপুর দীর্ঘদিন ধরে ভূমিদস্যু ও সন্ত্রাসী গোষ্ঠীর নিয়ন্ত্রণে ছিল। এর মধ্যে আলীনগর এলাকায় পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ইয়াসিন ও তাঁর বাহিনীর আধিপত্য ছিল। বিভিন্ন সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালাতে গিয়ে হামলার শিকারও হয়েছে।

চলতি বছরের ৯ মার্চ প্রথমবারের মতো সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ ও বিজিবির প্রায় ৩ হাজার ২০০ সদস্য যৌথ অভিযান চালিয়ে জঙ্গল সলিমপুরের নিয়ন্ত্রণ নেয়। ওই অভিযানের পর থেকে ইয়াসিনসহ তাঁর সহযোগীরা পলাতক রয়েছেন। পরে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এস এম পাইলট উচ্চবিদ্যালয় ও আলীনগর উচ্চবিদ্যালয়ে র‌্যাব ও পুলিশের সমন্বয়ে পৃথক দুটি চৌকি স্থাপন করা হয়।

এদিকে জঙ্গল সলিমপুরে সারদা পুলিশ একাডেমির আদলে পুলিশ একাডেমি প্রতিষ্ঠা এবং চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ ছাড়া বিজিবি, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের স্থাপনা নির্মাণের পরিকল্পনাও নেওয়া হয়েছে।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top