চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী হয়রানির দায়ে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া বিমানবন্দরের পার্কিং এলাকা ও ড্রাইভওয়েতে আইন অমান্য করায় পাঁচজনকে আট হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) বিমানবন্দরে যাত্রী হয়রানি রোধ ও শৃঙ্খলা রক্ষার্থে বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বিমানবন্দরে যাত্রীদের নির্বিঘ্নে আসা-যাওয়া নিশ্চিত করা, বিভিন্ন দোকান ও লাউঞ্জের খাবারের মান ও মূল্য যাচাই এবং টার্মিনালের ড্রাইভওয়েতে শৃঙ্খলা বজায় রাখতে গত কয়েকদিন ধরে বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিনের উপস্থিতিতে এসব অভিযান পরিচালিত হয়।
এসময় পার্কিং এলাকা ও ড্রাইভওয়েতে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৪৭(২) ধারা লঙ্ঘনের দায়ে পাঁচজনকে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি যাত্রী হয়রানির দায়ে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।
চাটগাঁ নিউজ/এসএ






