চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের আনোয়ারায় পারিবারিক কলহের জেরে মাদকাসক্ত একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা-বাবা নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত ছেলেকে ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৫ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার হাইলধর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব গুজরা এলাকার চৈতন্য মহাজন বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন, স্বপন দাশ গুপ্ত (৬৫) ও তার স্ত্রী কল্পনা দাশ (৫৫)। তারা ওই এলাকার মৃত রেবতি দাশ গুপ্তার পরিবারের সদস্য। হত্যাকাণ্ডের অভিযোগে তাদের ছেলে রিমন দাশ গুপ্তকে (৪২) আটক করেছে পুলিশ।
স্থানীয়দের ভাষ্য, রিমন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। তাকে একাধিকবার মাদক নিরাময় কেন্দ্রেও ভর্তি করা হয়েছিল। শনিবার সকালে তিনি মা-বাবাকে সঙ্গে নিয়ে বাইরে যান। পরে সকাল পৌনে ১২টার দিকে তারা বাড়িতে ফিরে আসেন।
বাড়িতে ফেরার কিছুক্ষণ পরই রিমন হঠাৎ ধারালো অস্ত্র দিয়ে তার মায়ের ওপর হামলা চালান। মাকে রক্ষা করতে এগিয়ে এলে বাবা স্বপন দাশ গুপ্তকেও এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়। স্থানীয়রা চিৎকার শুনে ছুটে এসে রক্তাক্ত অবস্থায় দুজনকে উদ্ধার করার চেষ্টা করেন।
ঘটনাস্থলেই কল্পনা দাশের মৃত্যু হয়। গুরুতর আহত স্বপন দাশ গুপ্তকে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।
আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহমুদুল হাসান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত রিমন দাশ গুপ্তকে আটক করেছে। ঘটনাস্থল থেকে একজন নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে এবং হাসপাতালে নেওয়ার পর অপর একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
তিনি আরও জানান, নিহত দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
চাটগাঁ নিউজ/এমকেএন






