বোয়ালখালীতে বসতঘরে দুর্ধর্ষ চুরি, ৫ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় একটি বসতঘরের দরজা ভেঙে আলমারিতে রাখা প্রায় ৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫০ হাজার টাকা চুরির ঘটনা ঘটেছে।

শনিবার (২৫ জুলাই) এ বিষয়ে বোয়ালখালী থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মো. জালাল উদ্দিন।

তিনি উপজেলার শাকপুরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম শাকপুরা গ্রামের আমির হামজা সওদাগর বাড়ির বাসিন্দা।

অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ১১টার দিকে ঘরে তালা দিয়ে স্ত্রীকে সঙ্গে নিয়ে কধুরখীল এলাকায় মেয়ের শ্বশুরবাড়িতে যান জালাল উদ্দিন। সন্ধ্যা ৭টার দিকে বাড়িতে ফিরে তিনি দেখতে পান, ঘরের প্রধান দরজার তালা ভাঙা এবং আলমারির লকার খোলা। ঘরের বিভিন্ন আসবাবপত্র ও মালামাল এলোমেলো অবস্থায় পড়ে ছিল।

তার দাবি, দুর্বৃত্তরা আলমারিতে রাখা প্রায় ১২ লাখ টাকা মূল্যের ৫ ভরি স্বর্ণালংকার এবং নগদ ৫০ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top