রাঙ্গুনিয়ায় ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেফতার

রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় সাত বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. আব্দুল হাকিম (৫৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ।

গ্রেপ্তার হওয়া আব্দুল হাকিম উপজেলার কোদালা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের জঙ্গল কোদালা জয়নগর পাড়া এলাকার বাসিন্দা। তিনি মো. মনির আহাম্মদের ছেলে এবং ভুক্তভোগী শিশুটির নানার বোনের স্বামী (খালাতো দাদু) বলে জানিয়েছে পুলিশ।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, শিশুটি তার নানির সঙ্গে দক্ষিণ রাঙ্গুনিয়ায় বসবাস করত। পারিবারিক আত্মীয়তার সুবাদে অভিযুক্ত প্রায়ই তাদের বাড়িতে যাতায়াত করতেন এবং শিশুটির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন।

এজাহারে বলা হয়েছে, গত ২০ জুলাই দুপুরে শিশুটির নানি খাবার আনতে পাশের একটি বাড়িতে যান। যাওয়ার আগে তিনি প্রতিবেশী এক নারীকে শিশুটির খোঁজখবর রাখতে অনুরোধ করেন।

সেই সুযোগে অভিযুক্ত আব্দুল হাকিম বাড়িতে প্রবেশ করেন। অভিযোগ অনুযায়ী, তিনি প্রথমে শিশুটির কাছে এক গ্লাস পানি চান। পরে শিশুটি পানি এনে দিলে তার হাত ধরে মেঝেতে ফেলে দেন এবং পোশাক খুলে ধর্ষণের চেষ্টা করেন।

এ সময় প্রতিবেশী ওই নারী ঘরে প্রবেশ করলে শিশুটিকে বস্ত্রহীন অবস্থায় দেখতে পান। একই সঙ্গে অভিযুক্তকে নিজের লুঙ্গি ঠিক করতে দেখেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। পরে ওই নারীর চিৎকারে আব্দুল হাকিম ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

ঘটনার পর শিশুটির নানি বাদী হয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন। মামলার পর স্থানীয়দের সহায়তায় অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দিন আহমেদ বলেন, শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে দায়ের হওয়া মামলায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন

Scroll to Top