চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে নবজাতকের মরদেহ বহনকারী একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে মাছবোঝাই একটি পিকআপ ভ্যানে ধাক্কা দিয়েছে। এ ঘটনায় অ্যাম্বুলেন্সে থাকা চার স্বজন গুরুতর আহত হয়েছেন।
রবিবার (৫ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পৌর সদরের দক্ষিণ বাইপাস এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এক নবজাতকের মরদেহ নিয়ে ফেনীর সোনাগাজী উপজেলার উদ্দেশে রওনা হয়েছিল অ্যাম্বুলেন্সটি। পথে দক্ষিণ বাইপাস এলাকায় এসে এটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা মাছবোঝাই একটি পিকআপ ভ্যানের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে অ্যাম্বুলেন্সটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনায় আহতরা হলেন- মৃত নবজাতকের মা মনোয়ারা বেগম, চাচা আমির হোসেন, দাদি সুফিয়া খাতুন ও নানি বিউটি বেগম। তারা সবাই ফেনীর সোনাগাজী উপজেলার বাসিন্দা। দুর্ঘটনার সময় আমির হোসেন চালকের পাশের আসনে বসেছিলেন। তবে নবজাতকের মা মনোয়ারা বেগম অ্যাম্বুলেন্সে থাকলেও তিনি অক্ষত রয়েছেন।
স্থানীয় বাসিন্দা মো. আক্তার হোসেন জানান, অ্যাম্বুলেন্সটি দ্রুতগতিতে আসছিল। একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা পিকআপে ধাক্কা দিলে বিকট শব্দে দুর্ঘটনা ঘটে এবং অ্যাম্বুলেন্সের সামনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
পরিবারের সদস্যরা জানান, গত বৃহস্পতিবার রাতে সোনাগাজীর একটি হাসপাতালে নবজাতকটির জন্ম হয়। শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার সকালে তাকে প্রথমে ফেনী সদর হাসপাতাল এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে শিশুটির মৃত্যু হয়। পরে মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথেই ঘটে এই দুর্ঘটনা।
কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ নুরুল আফসার বলেন, সকাল থেকে বৃষ্টিপাতের কারণে মহাসড়ক পিচ্ছিল ছিল। ইউটার্ন এলাকায় এসে লাশবাহী অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে তিনজন আহত হন। দুর্ঘটনার পর উভয় যানবাহন উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
চাটগাঁ নিউজ/এমকেএন






