কর্ণফুলীতে ট্রলারে আগুন: আরও একজনের মৃত্যু

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় কর্ণফুলী নদীতে মাছ ধরার একটি ট্রলারে অগ্নিকাণ্ডে দগ্ধ প্রকৌশলী আশিকুজ্জামান তামিম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার মৃত্যুতে এ ঘটনায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিনজনে।

শনিবার (৪ জুলাই) দিবাগত রাতে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নিহত আশিকুজ্জামান তামিমের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায়। রবিবার (৫ জুলাই) বিকেলে নিজ গ্রামের বাড়িতে জানাজা শেষে তাকে দাফন করার কথা রয়েছে।

এর আগে, গত ৩০ জুন সন্ধ্যায় ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়ার পথে দগ্ধ ইঞ্জিন বিভাগের গ্রিজার মো. রুবেল (৩২) ও শাহ আলম (৪০) মারা যান।

এদিকে, অগ্নিকাণ্ডের সময় পাশেই নোঙর করা ‘এফভি ডিজনি’ ট্রলারের নাবিক নিজাম উদ্দিন, মো. রাসেল ও ছিদ্দিক আহমেদও দগ্ধ হন। তারা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন।

জাহাজের ক্যাপ্টেন জুবায়ের মাহমুদ জানান, গত ৩০ জুন দুপুর পৌনে ১টার দিকে ‘এফভি দেশ’ নামের মাছ ধরার ট্রলারের ইঞ্জিন কক্ষে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে। এতে ট্রলারে থাকা কয়েকজন দগ্ধ হন। গুরুতর আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top