২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আরও ৭ শিশুর মৃত্যু

চাটগাঁ নিউজ ডেস্ক: স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্যে দেশে হামের সংক্রমণ এখনও উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯২৫ জনকে সন্দেহজনক হাম রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে।

রবিবার (৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় পরীক্ষার মাধ্যমে ১০৬ জনের হাম নিশ্চিত হয়েছে। চলতি বছরের ১৫ মার্চ থেকে ৫ জুলাই পর্যন্ত দেশে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৬৩২ জন। একই সময়ে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা পৌঁছেছে ১ লাখ ৫ হাজার ৬১৮ জনে।

এ সময়ের মধ্যে সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৮ হাজার ৮৪৪ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৮৫ হাজার ১২২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে ১৫ মার্চ থেকে ৫ জুলাই পর্যন্ত নিশ্চিত হামে মোট ৯৩ জনের মৃত্যু হয়েছে।

অন্যদিকে, একই সময়ে সন্দেহজনক হামে মোট ৬৪৫ শিশুর মৃত্যুর তথ্যও জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য বিশেষজ্ঞরা হামের বিস্তার রোধে শিশুদের সময়মতো টিকা গ্রহণ এবং জ্বর-র্যাশসহ উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top