চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের মিরসরাইয়ে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে উপজেলা আনসার ও ভিডিপির এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। নিহত ওই কর্মকর্তার নাম মো. আলাউদ্দিন (৩৫)। তার বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চরবেদমা এলাকায় বলে জানা গেছে।
আজ রবিবার (৫ জুলাই) দুপুরের দিকে উপজেলার জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কের বড়তাকিয়া সৈয়দ আলী এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, নিয়মিত দায়িত্ব পালনের অংশ হিসেবে মোটরসাইকেলে করে পরিদর্শনে যাচ্ছিলেন আনসার কর্মকর্তা আলাউদ্দিন। পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির অটোরিকশার সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শুভ্রা দাশ জানান, সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় এক আনসার কর্মকর্তাকে হাসপাতালে আনা হয়েছিল। হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, ডিউটিতে যাওয়ার সময় উপজেলা আনসার কর্মকর্তা নিহত হয়েছেন। অভিযুক্ত অটোরিক্সা চালককে থানা হেফাজতে নেয়া হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
চাটগাঁ নিউজ/জেএইচ






