পেকুয়ায় টমটমের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজারের পেকুয়া পৌরসভায় টমটমের ধাক্কায় মোহাম্মদ হোছন (৫৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি পৌরসভার বাসিন্দা এবং মৃত নজির আহমদের ছেলে। এছাড়া তিনি স্থানীয় সাংবাদিক দেলোয়ারের বড় ভাই।

শনিবার (৪ জুলাই) রাত আনুমানিক ১০টা ৪০ মিনিটে পৌরসভার ভোলাইয়্যাঘোনা এলাকার কামাল চেয়ারম্যানের রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মোহাম্মদ হোছন পেকুয়া বাজারের একটি বেকারি থেকে নাস্তা কিনে বাড়ি ফিরছিলেন। রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি টমটম তাকে সজোরে ধাক্কা দেয়। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে তিনি সড়কে লুটিয়ে পড়েন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় জড়িত টমটমটি জব্দ করা হয়েছে। ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top