সীতাকুণ্ডে ট্রেন থেকে পড়ে অজ্ঞাতনামা কিশোরের মৃত্যু

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে চলন্ত ট্রেন থেকে পড়ে অজ্ঞাতনামা এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সকালে উপজেলার বিএম ডিপোর সংলগ্ন রেললাইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে রেললাইনের পাশ থেকে গুরুতর আহত অবস্থায় ওই কিশোরকে উদ্ধার করে কুমিরা ফায়ার সার্ভিসের একটি দল। পরে দ্রুত তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়।

কুমিরা ফায়ার সার্ভিসের ফায়ার লিডার পিপুল চাকমা জানান, সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহত কিশোরকে উদ্ধার করা হয়। পরে তাকে চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বিষয়টি নিশ্চিত করে বলেন, ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আহত অবস্থায় এক কিশোরকে হাসপাতালে নিয়ে আসেন। পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত কিশোরের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top