দুদকের মামলায় ওয়াসার সাবেক গাড়িচালক দম্পতির কারাদণ্ড

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম ওয়াসার সাবেক গাড়িচালক মো. তাজুল ইসলাম ও তার স্ত্রী খাইরুন্নেছা বেগমকে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় তিন বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (৫ অক্টোবর) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দুই আসামিই আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোকাররম হোসেন জানান, মামলায় নয়জন সাক্ষীর সাক্ষ্য ও উপস্থাপিত তথ্য-প্রমাণ পর্যালোচনা করে আদালত তাজুল ইসলামকে তিন বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ১৫ লাখ ৬৯ হাজার ১৯৩ টাকা অর্থদণ্ড দিয়েছেন। এ অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ছয় মাস সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

অন্যদিকে, তার স্ত্রী খাইরুন্নেছা বেগমকেও তিন বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তার ওপর এক লাখ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়েছে।

মামলার নথি থেকে জানা যায়, তাজুল ইসলাম ও খাইরুন্নেছা বেগম পরস্পরের যোগসাজশে জ্ঞাত আয়ের বাইরে অর্থ উপার্জন করেন বলে অভিযোগ ওঠে। ওই অর্থের একটি অংশ খাইরুন্নেছার নামে জমি কেনা এবং ভবন নির্মাণে বিনিয়োগ করা হয়।

অভিযোগে আরও বলা হয়, স্বামীর অবৈধভাবে অর্জিত অর্থকে বৈধ দেখানোর উদ্দেশ্যে খাইরুন্নেছা নিজের নামে আয়কর নথি খোলেন এবং সেখানে সম্পদ ও আয়ের উৎস হিসেবে বিভিন্ন তথ্য উপস্থাপন করেন। একই সঙ্গে দুদকে জমা দেওয়া সম্পদ বিবরণীতে ১২ লাখ ৯৭ হাজার ৭৯ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগও আনা হয়।

এসব অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় তাজুল ইসলাম ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করা হয়।

মামলাটির তদন্ত শেষে দুদক আদালতে অভিযোগপত্র দাখিল করে। পরে ২০২৫ সালের ১ জুলাই চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এর মধ্য দিয়ে মামলাটির বিচারিক কার্যক্রম শুরু হয়।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top