সীতাকুণ্ডে ট্রেনের ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে চলন্ত ট্রেন থেকে পড়ে ফয়সাল আহমেদ (১৫) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ রবিবার (১৯ এপ্রিল) সকাল আনুমানিক সোয়া ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ময়মনসিংহ-জামালপুরগামী বিজয় এক্সপ্রেস সীতাকুণ্ড উপজেলার বারৈয়াঢালা ইউনিয়ন ও কলাবাড়িয়া এলাকার মধ্যবর্তী স্থান অতিক্রম করার সময় ফয়সাল ট্রেনের ছাদ থেকে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ দীপক দেওয়ানের নেতৃত্বে একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

পুলিশ জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। একই সঙ্গে নিহতের পরিবারকে বিষয়টি জানানো হয়েছে।

নিহত ফয়সাল আহমেদ কিশোরগঞ্জ জেলার মিঠাময় এলাকার বাসিন্দা মোহাম্মদ বশিরের ছেলে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top