গ্যাস সংকটে কাফকো-সিইউএফএলের পর ডিএপি সার কারখানাও বন্ধ

চাটগাঁ নিউজ ডেস্ক: গ্যাস সংকটের কারণে অ্যামোনিয়া সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় চট্টগ্রামের আনোয়ারার রাঙাদিয়া এলাকায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত ডাই-অ্যামোনিয়া ফসফেট (ডিএপি) ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে সার উৎপাদন বন্ধ হয়ে গেছে।

শনিবার (১৮ এপ্রিল) রাত আটটার দিকে মজুত অ্যামোনিয়া শেষ হয়ে গেলে কারখানাটির উৎপাদন কার্যক্রম স্থগিত করা হয়।

আজ রোববার (১৯ এপ্রিল) কারখানাটির ব্যবস্থাপক (প্রশাসন) ও বিভাগীয় প্রধান (প্রশাসন) আলমগীর জলিল বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে কারখানা সূত্রে জানা গেছে, ডিএপি কারখানার উৎপাদনের জন্য প্রয়োজনীয় অ্যামোনিয়া সরবরাহ করা হয় পার্শ্ববর্তী রাষ্ট্রায়ত্ত চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (সিইউএফএল) এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে। তবে গত ৪ মার্চ গ্যাস সংকটের কারণে সিইউএফএল ও কাফকোতে অ্যামোনিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। এর ফলে ডিএপি কারখানাতেও অ্যামোনিয়া সরবরাহ বন্ধ হয়ে পড়ে।

এরপর মজুত থাকা অ্যামোনিয়া দিয়ে প্রায় দেড় মাস উৎপাদন চালু রাখা সম্ভব হলেও, শনিবার রাতে সেই মজুত শেষ হয়ে যাওয়ায় উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায়।

কারখানাটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাঈনুল হক বলেন, গত ৪ মার্চ থেকে অ্যামোনিয়া সরবরাহ বন্ধ রয়েছে। মজুত দিয়ে উৎপাদন চালু রাখা হয়েছিল। এখন তা শেষ হয়ে গেছে। নতুন করে অ্যামোনিয়া সরবরাহ শুরু না হলে উৎপাদন পুনরায় চালু করা সম্ভব নয়।

তিনি আরও বলেন, এ পরিস্থিতিতে দেশের সার সরবরাহ ব্যবস্থা ও কৃষি উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) নিয়ন্ত্রিত এই কারখানাটি দেশের কৃষিখাতে যৌগিক সারের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ২০০৬ সালে বাণিজ্যিক উৎপাদনে যাওয়া এই কারখানার দুটি ইউনিটে প্রতিদিন মোট ১ হাজার ৬০০ মেট্রিক টন ডিএপি সার উৎপাদনের সক্ষমতা রয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে অ্যামোনিয়া উৎপাদন পুনরায় চালু করা সম্ভব হবে না। এতে সার উৎপাদনে দীর্ঘমেয়াদি প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে, যা দেশের কৃষি খাতেও চাপ তৈরি করতে পারে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top