চট্টগ্রামে ডিবি অভিযানে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ১

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরে ডিবি পুলিশের অভিযানে একটি বিদেশি পিস্তলসহ মো. সাইফুল ইসলাম (৪৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার (১৯ এপ্রিল) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ এ তথ্য জানান।

পুলিশ জানায়, শনিবার (১৮ এপ্রিল) রাতে নগরের বায়েজিদ বোস্তামী থানার আতুরার ডিপো এলাকার কামারাবাদ মোড়ে ডিবি (উত্তর) বিভাগের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এ সময় একটি ফার্মেসির সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি করা হচ্ছিল।

এক পর্যায়ে একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশা থামিয়ে যাত্রীদের তল্লাশি চালানো হলে এক ব্যক্তি পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ তাকে ধাওয়া করে আটক করে।

আটকের পর উপস্থিত লোকজনের সামনে তার দেহ তল্লাশি করে কোমরে গুঁজে রাখা একটি ৭.৬৫ মডেলের বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। অস্ত্রটির গায়ে ‘Made in U.S.A., 7.65’ লেখা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার সাইফুল ইসলামের বাড়ি নোয়াখালীর হাতিয়া উপজেলায়। তিনি বর্তমানে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, উদ্ধার করা অস্ত্র ব্যবহার করে নগরের বিভিন্ন এলাকায় ভয়ভীতি প্রদর্শনসহ সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতেন। বিশেষ করে বায়েজিদ বোস্তামী থানার বিভিন্ন এলাকায় তার সক্রিয়তা ছিল বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ আরও জানায়, তার বিরুদ্ধে নগরের বিভিন্ন থানায় অস্ত্র, মাদক ও চুরিসহ মোট পাঁচটি মামলা রয়েছে। এ ঘটনায় বায়েজিদ বোস্তামী থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top