চাটগাঁ নিউজ ডেস্ক: টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে চলন্ত একটি ভাড়ায়চালিত প্রাইভেটকারে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও গাড়িটি সম্পূর্ণ পুড়ে গেছে।
রবিবার (১৯ এপ্রিল) সকালে বড় ডেইল মেরিন ড্রাইভ এলাকায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স টেকনাফ স্টেশনের কর্মকর্তা জামিন মিয়া জানান, চট্টগ্রাম মেট্রো গ-৭২৩০ নম্বরের প্রাইভেটকারটি টেকনাফের শাপলা চত্বর থেকে চারজন যাত্রী নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছিল।
পথিমধ্যে হঠাৎ যান্ত্রিক ত্রুটির কারণে গাড়িটিতে আগুন লাগে এবং অল্প সময়ের মধ্যেই আগুন পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও জানান, ঘটনার সময় যাত্রীরা দ্রুত গাড়ি থেকে নেমে পড়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। তবে আগুনে প্রাইভেটকারটি পুরোপুরি পুড়ে যায়।
এ ঘটনায় গাড়ির চালক মো. পিয়ার আলম অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল-এ পাঠান। গাড়িটির মালিক টেকনাফের কচুবনিয়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
চাটগাঁ নিউজ/এমকেএন






