রামগড়ে আগুনে পুড়ে ছাই কলাবাড়ী উচ্চ বিদ্যালয়, ক্ষয়ক্ষতি ২০ লাখ

চাটগাঁ নিউজ ডেস্ক: খাগড়াছড়ির রামগড় উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।

শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক পৌনে ৮টার দিকে উপজেলার পাতাছড়া ইউনিয়নের দুর্গম কালাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানটির নাম কলাবাড়ী উচ্চ বিদ্যালয়। আগুনে টিনশেডের পুরো ভবন, ক্লাসরুম, শিক্ষক কক্ষ, অফিস, কম্পিউটার, আইপিএসসহ সব ধরনের আসবাবপত্র ও শিক্ষাসামগ্রী ধ্বংস হয়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল কাদের জানান, সন্ধ্যার দিকে স্কুল ভবনের পশ্চিম পাশ থেকে আগুনের সূত্রপাত হয় এবং দ্রুত পুরো ভবনে ছড়িয়ে পড়ে। অল্প সময়ের মধ্যেই সবকিছু ভস্মীভূত হয়ে যায়। ঘটনার সময় স্কুলে কোনো শিক্ষার্থী বা শিক্ষক উপস্থিত ছিলেন না। উল্লেখ্য, রবিবার এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান আয়োজনের কথা ছিল।

জানা গেছে, ২০২২ সালে খাগড়াছড়ির তৎকালীন জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস এবং রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার ইফতেখার উদ্দিন আরাফাতের উদ্যোগে দুর্গম এই এলাকায় বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।

রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কাজী শামীম বলেন, আগুনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসকে জানানো হয়। তবে তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই পুরো স্কুল ভবন পুড়ে যায়।

রামগড় ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ বিশ্বান্তর বিকাশ বড়ুয়া জানান, দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হবে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top