চাটগাঁ নিউজ ডেস্ক: হাটহাজারীতে ট্রাকচাপায় এক কৃষক দল নেতার মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।
রবিবার (১৯ এপ্রিল) সকালে নিহতের মা পারভিন আক্তার বাদী হয়ে স্থানীয় থানায় মামলাটি দায়ের করেন। মামলায় অভিযুক্ত করা হয়েছে ট্রাকচালক মোহাম্মদ জুয়েলকে, যিনি বর্তমানে পলাতক রয়েছেন।
নিহত মোহাম্মদ ফয়সাল (৩৪) মির্জাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মরহুম আবদুল মালেকের ছেলে এবং উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।
ঘটনাটি ঘটে শনিবার (১৮ এপ্রিল) রাত আনুমানিক ১০টার দিকে মির্জাপুর ইউনিয়নের সরকারহাট বাজার এলাকায় চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ফয়সাল ট্রাকচালক জুয়েলের কাছে প্রায় ৩৫ হাজার টাকা পেতেন। এ নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
শনিবার রাতে টাকা চাইতে গেলে জুয়েল ইচ্ছাকৃতভাবে ফয়সালকে ট্রাকচাপা দেন বলে অভিযোগ রয়েছে। এতে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাটহাজারী মডেল থানার ওসি জাহিদুর রহমান জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
চাটগাঁ নিউজ/এমকেএন





