চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরের চকবাজার থানাধীন ডিসি রোড এলাকায় কলেজছাত্র আশফাক কবির সাজিদ (১৭) হত্যা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। পৃথক অভিযানে খাগড়াছড়ি ও বাগেরহাট জেলা থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন- সন্দ্বীপের রহমতপুর এলাকার মো. রানা, যিনি মাইকেল রানা নামেও পরিচিত, এবং নগরীর দেওয়ান বাজার এলাকার মো. ইলিয়াস (৪৬)।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, নিহত সাজিদ বিএএফ শাহীন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি কক্সবাজারের চকরিয়ায় হলেও তিনি চট্টগ্রাম নগরীর চকবাজার ডিসি রোড এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
ঘটনার বর্ণনায় জানা যায়, গত ১২ এপ্রিল বিকেলে সাজিদকে তার বন্ধু ফারদিন হাসান মোবাইল ফোনে ডেকে বাকলিয়া এক্সেস রোডের মৌসুমি আবাসিক এলাকায় নিয়ে যায়। সেখানে পৌঁছানোর পর একদল তরুণ তাকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে জোরপূর্বক তুলে নেয়।
পরিস্থিতি থেকে বাঁচতে সাজিদ পাশের একটি নির্মাণাধীন ভবনে ঢুকে গেট বন্ধ করে দেন এবং দৌড়ে আটতলায় উঠে যান। কিন্তু হামলাকারীরা গেটে ধাক্কা দিলে নিরাপত্তাকর্মী গেট খুলে দেন। পরে তারা ভবনের ওপরের তলায় গিয়ে সাজিদকে মারধর করে এবং একপর্যায়ে তাকে লিফটের ফাঁকা গর্তে ফেলে দেয়।
গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে চকবাজার থানায় হত্যা মামলা দায়ের করেন।
র্যাব জানায়, শনিবার সন্ধ্যায় খাগড়াছড়ির মানিকছড়ি এলাকার মহামুনি বাসস্ট্যান্ড থেকে মাইকেল রানাকে গ্রেপ্তার করা হয়। একই দিনে বাগেরহাটের ফকিরহাট এলাকার বড় খাজুরা হাট পূর্বপাড়া থেকে ইলিয়াসকে আটক করা হয়। পরবর্তীতে গ্রেপ্তার দুই আসামিকে আইনগত ব্যবস্থার জন্য চকবাজার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন





