সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে জোয়ারের পানিতে ভেসে আসা এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে কুমিরা নৌ থানা পুলিশ।
আজ সোমবার (১৫ জুন) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের জোড়আমতলের পশ্চিমে সাগর উপকূল থেকে লাশটি উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জোয়ারের পানিতে একটি অজ্ঞাত যুবকের (৩৬) অর্ধগলিত লাশ দেখে স্থানীয়রা গাউছিয়া কমিটিকে খবর দেয়। পরে তাদের একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে নৌ পুলিশের কাছে হস্তান্তর করে।
এ বিষয়ে গাউছিয়া কমিটির দায়িত্বশীল মো. নাছির উদ্দীন বলেন, বিকাল সাড়ে চারটার দিকে একটি লাশ ভেসে এসেছে বলে খবর দেন স্থানীয়রা। পরে আমরা সন্ধ্যায় গিয়ে লাশটি উদ্ধার করি। লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে এটি ৪-৫ দিন আগের লাশ।
কুমিরা নৌ থানা পুলিশের এসআই আবদুল ওয়াহেদ বিষয়টি নিশ্চিত করে জানান, জোড়আমতলের দক্ষিণ পশ্চিমে সাগর উপকূল একটি অজ্ঞাত লাশ ভেসে আসলে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। গাউছিয়া কমিটির সহযোগিতায় আমরা অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
চাটগাঁ নিউজ/দুলু/জেএইচ





