চাটগাঁ নিউজ ডেস্ক : ওয়ানডে সিরিজ জয়ের উদ্দীপনা নিয়ে এবার টি-টোয়েন্টি মিশনে চট্টগ্রামে বাংলাদেশের ক্রিকেটাররা।
আজ (সোমবার, ১৫ জুন) সন্ধ্যা ৭টার দিকে বন্দরনগরীতে পৌঁছায় টাইগাররা।
বিমানবন্দর থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ক্রিকেটার ও টিম ম্যানেজমেন্ট সদস্যরা নগরের একটি হোটেলে ওঠেন। কাল মঙ্গলবার (১৬ জুন) স্টেডিয়ামে অনুশীলন করবে টাইগাররা।
সিরিজকে সামনে রেখে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নেবেন খেলোয়াড়রা। বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ১৭ জুন।
দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৯ ও ২১ জুন। তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে।
প্রতিটি ম্যাচই শুরু হবে দুপুর ২টায়।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘোষিত ১৫ সদস্যের বাংলাদেশ টি-টোয়েন্টি দলে রয়েছেন অধিনায়ক লিটন দাস, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, মোহাম্মদ সাইফ হাসান, শামীম হোসেন, সহ-অধিনায়ক তাওহীদ হৃদয়, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা এবং আব্দুল গাফফার সাকলাইন।
এর আগে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে বাংলাদেশ ২-১ ব্যবধানে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে নেয়। সেই আত্মবিশ্বাস নিয়েই টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামবে টাইগাররা।
চাটগাঁ নিউজ/এসএ





