সিডিএ চেয়ারম্যানকে ‘সরকারবিরোধী লোক’ বললেন এলজিআরডি প্রতিমন্ত্রী

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রামে টানা দুইদিনের জলাবদ্ধতায় নগরবাসীর চরম দুর্ভোগের প্রেক্ষাপটে চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যানকে নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) নগরের টাইগারপাসস্থ সিটি কর্পোরেশন কার্যালয়ে এক বৈঠকে সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিমকে সরাসরি তিরস্কার করেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বৈঠকে উপস্থিত ছিলেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন, সিডিএ চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ সময় প্রতিমন্ত্রী ক্ষোভ প্রকাশ করে সিডিএ চেয়ারম্যানকে উদ্দেশ করে বলেন, ‘আপনি প্ল্যানিং করে ষড়যন্ত্র করছেন। আপনি সরকারের বিরুদ্ধের লোক।’

জবাবে নুরুল করিম বলেন, ‘শাহাদাত ভাই (মেয়র) আমাকে চিনেন স্যার।’

প্রতিমন্ত্রী পাল্টা উত্তরে বলেন, ‘শাহাদাত ভাই চিনলে কী হবে? চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ ৩৬টি খাল সংস্কার করছে। সমস্যাটা হয়েছে আপনাদের নিয়ে। মিডিয়াতে আপনার কোনো বক্তব্য নাই। সাধারণ মানুষ রাগ-ক্ষোভ ঝাড়ছে মেয়র শাহাদাতের ওপর।’

এর আগে গেল দু’দিনের ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকা তলিয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েন নগরবাসী। সিটি কর্পোরেশন ও সিডিএ সূত্রে জানা যায়, জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় খাল সংস্কারের কাজ চলায় দুটি খালে অস্থায়ী বাঁধ থাকায় পানি নিষ্কাশনে বাধা সৃষ্টি হয়েছে।

এদিকে, জলাবদ্ধতা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে বুধবার দুপুরে ক্ষোভ প্রকাশ করেন মেয়র ডা. শাহাদাত হোসেন। প্রবর্তক মোড় এলাকায় তিনি বলেন, ‘জলাবদ্ধতার দুর্ভোগের জন্য নগরবাসীর কাছে প্রধানমন্ত্রী তারেক রহমান দুঃখ প্রকাশ করেছেন। আমিও দুঃখ প্রকাশ করেছি। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অধীনে কাজটি করছে সেনাবাহিনী। গতকাল তাদের আমি দেখিনি। আজ আমি আশা করেছিলাম সিডিএ চেয়ারম্যান অন্তত এখানে থাকবেন।’

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top