চাটগাঁ নিউজ ডেস্ক : সাতকানিয়ায় স্টার লাইন পরিবহনের একটি বাসচাপায় ঈশা দাশ (১০) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে।
রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার মিঠাদিঘি এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী ও শিক্ষার্থীরা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। যার কারণে প্রায় দুই ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।
নিহত ঈশা দাশ উপজেলার ছদাহা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দাশপাড়া এলাকার সুনিল কান্তি দাশের মেয়ে। সে ছদাহা কেয়াফাত উল্লাহ্ কবির আহমদ স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয়রা জানান, স্টার লাইন পরিবহনের একটি বাস ঈশা দাশকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে সাতকানিয়ার কেরানিহাটের একটি বেসরকারি হাসপাতালে এবং অবস্থার অবনতি হলে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাতটার দিকে তার মৃত্যু হয়।
দুর্ঘটনার খবরে ক্ষুব্ধ এলাকাবাসী ও শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। অবরোধের কারণে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। প্রায় দুই ঘণ্টা পর পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ্ উদ্দিন চৌধুরী বলেন, বাসচাপায় স্কুলছাত্রী নিহত হওয়ার ঘটনায় জড়িত বাস চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
চাটগাঁ নিউজ/এসএ





