চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজারে সাগরে গোসলে নেমে ঢেউয়ের তোড়ে ভেসে গিয়ে ইয়াছিন খান (২৫) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় মোহাম্মদ ইব্রাহিম খান (২৭) নামে আরও এক পর্যটক নিখোঁজ রয়েছেন।
বুধবার (২৬ আগস্ট) দুপুর আড়াইটার দিকে কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও লাইফগার্ড সূত্রে জানা যায়, দুপুরে একটি বড় পর্যটক দলের সঙ্গে লাবণী পয়েন্টে সাগরে গোসল করতে নামেন ইয়াছিন ও ইব্রাহিম। কিছুক্ষণ পর উত্তাল ঢেউ ও তীব্র স্রোতের টানে তারা সাগরের দিকে ভেসে যান। বিষয়টি বুঝতে পেরে উদ্ধারকারীরা দ্রুত তৎপর হন।
পরে ইয়াছিন খানকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ইয়াছিন খান ঢাকার কুড়িল চৌরাস্তা এলাকার বাসিন্দা। নিখোঁজ ইব্রাহিম খানের বাড়িও ঢাকায়।
এদিকে ইব্রাহিম খানকে উদ্ধারে লাবণী পয়েন্ট ও আশপাশের সৈকত এলাকায় অভিযান চালানো হচ্ছে। ফায়ার সার্ভিস, সি-সেফ লাইফগার্ড, বিচকর্মী ও ট্যুরিস্ট পুলিশ যৌথভাবে উদ্ধার তৎপরতা চালাচ্ছে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, সাগরে গোসল করতে নেমে দুই পর্যটক ভেসে যাওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। একজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপর নিখোঁজ পর্যটককে উদ্ধারে সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ করছে।
জানা গেছে, ইয়াছিন ও ইব্রাহিম প্রায় ১১০ জনের একটি পর্যটক দলের সঙ্গে ঢাকা থেকে কক্সবাজারে বেড়াতে এসেছিলেন। দলটি কলাতলীর হোটেল বিস্তা বে-তে অবস্থান করছিল। পর্যটক দলের অনেকেই ‘আই জেট কেপি’ নামের একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। এছাড়া কয়েকজন শিক্ষার্থীও ওই দলের সঙ্গে ছিলেন।
ঘটনায় পুরো পর্যটক দলের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। নিখোঁজ ইব্রাহিমকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন





