পাঁচ মাস পর সিইউএফএলে গেল গ্যাস, অপেক্ষা কেবল উৎপাদনের

চাটগাঁ নিউজ ডেস্ক: দীর্ঘ পাঁচ মাস বন্ধ থাকার পর চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) কারখানায় ফের গ্যাস সরবরাহ শুরু হয়েছে। এখন চলছে প্রস্তুতিমূলক উৎপাদনের কাজ।

বুধবার (২৬ আগস্ট) সকাল ১০টা থেকে কারখানাটিতে গ্যাস সরবরাহ দেওয়া হয়। এতে দীর্ঘদিন বন্ধ থাকা ইউরিয়া সার উৎপাদন পুনরায় শুরুর প্রক্রিয়া শুরু হয়েছে।

কারখানা সূত্র জানায়, গ্যাস-সংকট ও যান্ত্রিক ত্রুটির কারণে দীর্ঘদিন ধরে সিইউএফএলের উৎপাদন বন্ধ ছিল। গ্যাস সরবরাহ পাওয়ার পর কারখানার বিভিন্ন ইউনিটে কারিগরি পরীক্ষা-নিরীক্ষা ও উৎপাদন শুরুর প্রস্তুতিমূলক কাজ চলছে।

এর আগে টানা প্রায় ছয় মাস ইউরিয়া উৎপাদন বন্ধ থাকার পর ২০২৫ সালের ২ নভেম্বর কারখানাটি চালু করা হয়েছিল। তবে চালুর দিনই আবার উৎপাদন বন্ধ হয়ে যায়। পরে চলতি বছরের ২ মার্চ কারখানাটি পুনরায় চালু হলেও মাত্র দুই দিন পর ৪ মার্চ গ্যাস-সংকটের কারণে আবারও উৎপাদন বন্ধ হয়ে পড়ে।

সিইউএফএল সূত্র আরও জানায়, পূর্ণ সক্ষমতায় ইউরিয়া সার উৎপাদনের জন্য কারখানাটিতে প্রতিদিন প্রায় ৪৮ থেকে ৫২ মিলিয়ন ঘনফুট গ্যাস প্রয়োজন। পর্যাপ্ত গ্যাসের অভাবে দীর্ঘদিন উৎপাদন চালু রাখা সম্ভব হয়নি।

কারখানাটিতে গ্যাস সরবরাহ শুরু হওয়ায় এখন উৎপাদন ইউনিটগুলো সচল করার প্রস্তুতি চলছে। প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা ও প্রস্তুতি শেষ করে আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে উৎপাদনে যাওয়ার আশা করছে কর্তৃপক্ষ।

সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান বলেন, আগামী ৩ থেকে ৪ সেপ্টেম্বরের মধ্যে কারখানাটি ইউরিয়া উৎপাদনে যেতে পারবে।

তিনি আরও বলেন, গ্যাস সরবরাহ স্বাভাবিক থাকলে ইউরিয়া উৎপাদন দ্রুত বাড়ানো সম্ভব হবে। এতে দেশের সার সরবরাহ পরিস্থিতির উন্নতি হবে এবং কৃষি খাতেও ইতিবাচক প্রভাব পড়বে।

সংশ্লিষ্টরা বলছেন, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান সিইউএফএলের উৎপাদন দীর্ঘদিন বন্ধ থাকায় সার সরবরাহে চাপ তৈরি হয়েছে। কারখানাটি পুনরায় উৎপাদনে গেলে দেশে ইউরিয়া সারের সরবরাহ বাড়ানোর পাশাপাশি কৃষকদের চাহিদা পূরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top